নওগাঁয় বাজারদরের চেয়ে সরকারি সংগ্রহমূল্য কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার-নির্ধারিত ক্রয়মূল্যের চেয়ে বাজারে চালের দাম বেশি থাকায় নওগাঁয় চালকলের মালিকেরা সরকারি গুদামে বোরো চাল দেওয়ার বিষয়ে চুক্তি করছেন না। এতে নওগাঁয় সরকারের চাল সংগ্রহ অভিযানের সফলতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
খাদ্য বিভাগের নির্ধারিত সময়সীমার (২০ মে) মধ্যে মাত্র ১০ শতাংশ মালিক সরকারি গুদামে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পরে চুক্তির মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়। গত সোমবার পর্যন্ত ১৬ শতাংশ মিলমালিক গুদামে চাল সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তির মেয়াদ বাড়ানোর পরও সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ দিতে চালকলের মালিকদের অনীহার কারণে সরকারের লক্ষ্য অনুযায়ী চাল সংগ্রহ করা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করছেন খাদ্য কর্মকর্তারা।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চাল সংগ্রহ অভিযানে এবার সরকার সেদ্ধ চাল প্রতি কেজি ৩৪ টাকা এবং আতপ চাল প্রতি কেজি ৩৩ টাকা নির্ধারণ করেছে। জেলায় বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪২ হাজার ২৫০ মেট্রিক টন। এ লক্ষ্যে ২ মে থেকে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ দিতে জেলার ১ হাজার ২০০ চালকলমালিককে খাদ্য বিভাগের পক্ষ থেকে চুক্তি সম্পাদন করতে বলা হয়। চুক্তির শেষ সময় ছিল ২০ মে। এই সময়ে ১ হাজার ২০০ জন চালকলমালিকের মধ্যে মাত্র ১২২ জন চুক্তিবদ্ধ হন। পরে চুক্তির মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়। সোমবার পর্যন্ত ২০০ জন চালকলমালিক চাল সরবরাহ দিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
সোমবার নওগাঁ সদর উপজেলায় বোরো চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সাংসদ আবদুল মালেক।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলায় চলতি বোরো মৌসুমে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৩৫১ মেট্রিক টন। এখন পর্যন্ত মাত্র ২ হাজার ১০০ মেট্রিক টনের চুক্তি হয়েছে।
জেলা চালকল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘সরকারি গুদামে চাল কেনার জন্য প্রতি কেজি সেদ্ধ চালের মূল্য ধরা হয়েছে ৩৪ টাকা। অথচ বাজারে এখন সর্বনিম্ন মানের চাল কেজিপ্রতি ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে। সে ক্ষেত্রে সরকারি গুদামে সর্বনিম্ন মানের চাল দিলেও ৩০ কেজির প্রতি বস্তায় কমপক্ষে ১২০ টাকা লোকসান হবে। আর ভালো মানের চাল দিলে তো প্রতি কেজিতেই ১০ থেকে ১২ টাকা লোকসান হবে। এ জন্য সংগঠনের পক্ষ থেকে কোনো মালিকের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি। কারও ইচ্ছা হলে চুক্তি করতে পারেন। কেউ না করলে তাঁকে অনুরোধ করতে পারব না।’
রফিকুল বলেন, গত আমন মৌসুমেও বাজারের চেয়ে সরকারের চাল সংগ্রহের দর কম ধরায় অর্ধেক চালকলমালিকও গুদামে চাল দিতে চুক্তি করেননি। যাঁরা চুক্তি করেছিলেন, তাঁদের মধ্যেও অনেকে পরে গুদামে চাল সরবরাহ করেননি। সরকার ক্রয়মূল্য বাড়ানোর সিদ্ধান্ত না নিলে সরকারি গুদামে বোরো চাল দিতে মিলমালিকেরা আগ্রহ দেখাবেন না।
মহাদেবপুর উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘বস্তাপ্রতি ৩০ থেকে ৫০ টাকা লোকসান হলেও আগে মেনে নিয়েছি। কিন্তু এবার প্রতি কেজিতেই ৮ থেকে ১০ টাকা লোকসান দেওয়া সহজ কথা নয়। সরকারকে সহায়তা করতে গিয়ে ব্যবসার পুঁজি ঘাটতি করতে পারি না। এখন লোকসান দিয়ে কোনো মালিক যদি সরকারকে চাল দিতে চুক্তি করেন, তাতে আমাদের আপত্তি নেই।’
এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস সালাম বলেন, ৪২ হাজার ২৫০ মেট্রিক টন লক্ষ্যমাত্রার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের ব্যাপারে চুক্তি হয়েছে। ১ হাজার ২০০ চালকলমালিকের মধ্যে মাত্র ২০০ জন চাল দিতে চুক্তিবদ্ধ হয়েছেন। বর্ধিত চুক্তির সময় রয়েছে আর এক দিন। চালকলের মালিকদের যে অনাগ্রহ, তাতে মনে হচ্ছে না নওগাঁয় এ বছর বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। লক্ষ্যমাত্রা অর্জিত না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশনা আসবে, সেভাবেই কাজ করা হবে।