নওগাঁয় বাবা-ছেলেসহ তিনজন ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার খাসনওগাঁ এলাকায় গত শনিবার রাতে বাবা-ছেলেসহ তিনজনকে ছুরিকাহত করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন আবদুল হান্নান (৪২), তাঁর ছেলে ফসিউর রহমান (১৪) ও তাঁদের আত্মীয় আকরাম হোসেন (৩৮)। ফসিউরের মাকে উত্ত্যক্তকারী লেকু মিয়া এই তিনজনের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল রোববার সকালে আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ফসিউর রহমানের পিঠে ও হাতে, তার বাবার বাঁ চোখের নিচে, পেটেসহ মোট ছয় জায়গায় এবং আকরাম হোসেনের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। দুজনের মধ্যে আকরাম হোসেনের অবস্থা গুরুতর।আবদুল হান্নানের অভিযোগ, লেকু নামের এক বখাটে এক বছর ধরে রাস্তার মোড়ে বসে তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছেন। এ ব্যাপারে চলতি বছরের গোড়ার দিকে তিনি নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ নিয়ে পরে থানায় একটি সালিস-বৈঠক হয়। সালিসে লেকু মুচলেকা দেন, তিনি আর কখনো এ ধরনের অপকর্ম করবেন না। কিন্তু থানা থেকে ফিরেই লেকু একই কাজ শুরু করেন এবং তাঁর ছেলেকে হত্যার হুমকি দেন।আবদুল হান্নান জানান, তিনি কাপড়ের ব্যবসায়ী। লেকুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চার মাস আগে তাঁরা কাপড়পট্টির একটি বাসায় ওঠেন। ঘটনার চার দিন আগে তাঁরা আবার বাসায় ফেরেন। তিনি জানান, শনিবার সন্ধ্যার পর তাঁদের বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকেন লেকু। তাঁর স্ত্রীর চিৎকার করে লোকজন ডাকার কথা বললে লেকু প্রাচীর টপকে বাইরে গিয়ে তাঁদের শাসাতে থাকেন। রাত সাড়ে নয়টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এসে তিনি ছেলে ফসিউরের মুঠেফোনে কল করে ফটক খুলতে বলেন। ফটক খুলে বের হওয়ার সঙ্গে সঙ্গে ফসিউরকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন লেকু। এ সময় ফসিউরের বাবা ঠেকাতে গেলে তাঁকেও উপর্যুপরি আঘাত করা হয়। তাঁদের চিৎকারে হান্নানের মামা আকরাম বাইরে এলে তাঁর পেটে ছুরি ঢুকিয়ে লেকু পালিয়ে যান। রাতেই তাঁদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে গতকাল সকালে তাঁদের রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।চেষ্টা করেও এ ব্যাপারে লেকুর বক্তব্য পাওয়া যায়নি।গতকাল দুপুরে আকরামের পেটে অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান এ বি এম আবদুল হান্নান কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ সরকারের বরাত দিয়ে গতকাল বিকেলে বলেন, তাঁদের চিকিৎসা চলছে। তাঁরা এখন আশঙ্কামুক্ত।লেকুর বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে থানায় সালিস-বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি মুঠোফোনে প্রথম আলোকে জানান, হামলাকারী ছেলেটি বখাটে ও উচ্ছৃঙ্খল। আবদুল হান্নানের স্ত্রীর বক্তব্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হামলার ঘটনায় আবদুল হান্নানের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।