নওগাঁয় বালুবোঝাই ট্রাক্টর উদ্ধার করতে প্রাণ গেল অন্য ট্রাক্টরচালকের

বালুবাহী একটি ট্রাক্টর খাদে পড়ে আটকে যায়। ওই ট্রাক্টরটি খাদ থেকে ওপরে টেনে তুলতে চালককে সহায়তা করার জন্য যান আরেক ট্রাক্টরের চালক। একপর্যায়ে খাদে পড়া ট্রাক্টরের ইঞ্জিন উল্টে মৃত্যু হয় উদ্ধার করতে যাওয়া চালকের।
আজ রোববার সকাল নয়টার দিকে নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আবদুল করিম নামের এক ব্যক্তির শুকনো পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
বদলগাছির পাহাড়পুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, খাদে আটকে পড়া বালুবোঝাই একটি ট্রাক্টর উদ্ধার করতে গিয়ে দুর্ঘটনায় অন্য ট্রাক্টরের চালক মারা গেছেন।
নিহত ট্রাক্টরচালক হলেন রুবেল হোসেন (২৫)। তিনি জয়পুরহাট সদর উপজেলার তেঁতুলতলী গ্রামের আবদুল হামিদের ছেলে। রুবেল হোসেন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামের দেলোয়ার হোসেনের ট্রাক্টরের চালক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধর্মপুর গ্রামের আবদুল করিম তাঁর পুকুরের বালু বিক্রি করে দেন। আজ সকালে একই সঙ্গে দুটি ট্রাক্টর বালু নিতে ওই পুকুরে যায়। একটি ট্রাক্টরের চালক ছিলেন রুবেল হোসেন। অন্যটির চালক আশরাফ হোসেন। আশরাফ হোসেনের বালুবোঝাই ট্রাক্টরটি ওপরে ওঠানোর সময় এর ইঞ্জিন পুকুরের খাদে আটকে যায়। চালক আশরাফ অনেক চেষ্টা করেও ট্রাক্টরটি ওপরে তুলতে ব্যর্থ হন। তখন রুবেল হোসেন পুকুরে তাঁর ট্রাক্টর রেখে খাদে আটকে পড়া ট্রাক্টরটি উদ্ধার করতে আসেন। তিনি ট্রাক্টরটি চালু করে ওপরে তোলার চেষ্টা করার সময় এটির ইঞ্জিন উল্টে যায়। এতে রুবেলের মাথা ফেটে যায়।
রুবেলের ট্রাক্টরের মালিক দোলোয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজন রুবেলকে সেখান থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রুবেলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।