নওগাঁয় বাস থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় একটি বাস থেকে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি বাস থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জাহাঙ্গীর আলম ওই বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। তিনি মহাদেবপুর উপজেলার পূর্ব আলমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাস নওগাঁ-ধামইরহাট পথে চলাচল করত। গত রোববার রাত ১০টার দিকে যাত্রী নিয়ে ধামইরহাট থেকে নওগাঁ বাস টার্মিনালে পৌঁছায়।

বাসের চালক নজরুল ইসলাম তাঁর সহকারী জাহাঙ্গীরকে রেখে বাড়িতে ঘুমাতে যান। জাহাঙ্গীর প্রতিদিনের মতো রাতে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে চালক এসে বাসের দরজা খুলতে বললে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে গাড়ির ভেতরে ঢুকে জাহাঙ্গীরের নিথর দেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নওগাঁ সদর থানার ওসি তোরিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু, তা জানা যাবে।