নওগাঁয় বাস ধর্মঘট সান্তাহারে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাস ধর্মঘট চলছে। এর প্রভাবে বগুড়ার সান্তাহার শহরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এ কারণে সান্তাহার শহরে মানুষের চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। গত বুধবার থেকে নওগাঁ ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বের জেরে নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর মোটর শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির সিদ্ধান্ত অনুসারে বগুড়া ও নওগাঁ শ্রমিক ইউনিয়নের দুটি গাড়ি ‘শাহ ফতেহ আলী’ পরিবহনের ব্যানারে নওগাঁর সাপাহার থেকে নিয়মিত ঢাকায় চলাচল করার কথা। কিন্তু ৩ আগস্ট নওগাঁ শ্রমিক ইউনিয়নের গাড়িটি ঢাকার মহাখালীতে আটকে দেয় শাহ ফতেহ আলী পরিবহন কর্তৃপক্ষ। পরে চুক্তি লঙ্ঘন করে তারা বাসটি ওই রুট থেকে বাদ দিয়ে কেবল তাদের নিজস্ব বাস চালানোর সিদ্ধান্ত নেয়। ওই ঘটনার প্রতিবাদে নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন শাহ ফতেহ আলীর একটি গাড়ি সাপাহারে আটকে দেয়। ৫ আগস্ট থেকে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন বগুড়ার ওপর দিয়ে নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সব বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ওই ঘটনার প্রতিবাদে নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন ৫ আগস্ট থেকে নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।
বগুড়ার বাসচালকেরা জানান, ঢাকাগামী বাস চালু রাখার কৌশল হিসেবে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন তাঁদের বাস নওগাঁ শহরে প্রবেশ না করিয়ে তিন কিলোমিটার দূরে বগুড়া জেলার সীমান্ত শহর সান্তাহার থেকে ছাড়ার উদ্যোগ নেয়। সাত দিন ধরে নওগাঁর পরিবর্তে ঢাকা ও বগুড়াগামী সব বাস সান্তাহার শহর থেকে ছেড়ে যাচ্ছে। এ কারণে শহরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। বিশেষ করে সান্তাহার শহরের স্টেশন রোড এলাকায় যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্টেশন রোড এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ঢাকাগামী বাস তাঁদের দোকানের সামনে রাখার কারণে এক সপ্তাহ ধরে ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে। সান্তাহার পৌরসভার কাউন্সিলর আবদুল কুদ্দুস বলেন, যানজটের কারণে শহরে চলাফেরায় সমস্যা হচ্ছে।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন আদমদীঘি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী বলেন, শহরে যেন যানজট না হয়, সে জন্য শ্রমিক ইউনিয়নের লোকজন সার্বক্ষণিক কাজ করছেন।