নওগাঁয় বিদ্যুতের দাবিতে পিডিবি কার্যালয় ঘেরাও
একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল থাকায় নওগাঁ সদর উপজেলার ধামকুড়ি, ইকরকুড়ি ও এনায়েতপুর গ্রামে আট দিন ধরে বিদ্যুৎ নেই।গতকাল রোববার গ্রামগুলোর বাসিন্দারা জেলা পিডিবি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী ফেরদৌস আলম, সহকারী প্রকৌশলী জাহিদ ও লাইনম্যান আবদুল মজিদকে অপসারণের দাবি করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে র্যা ব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে বিষয়টি নিয়ে পিডিবির আবাসিক প্রকৌশলীর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নওগাঁ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী ফেরদৌস আলম ২৪ ঘণ্টার মধ্যে নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেন।গ্রামবাসীর অনেকে জানান, আট দিন আগে ধামকুড়ি গ্রামের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হলে এলাকাবাসী বিষয়টি পিডিবির আবাসিক প্রকৌশলীকে জানান। কিন্তু তিনি এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। এ কারণে তিন গ্রামের পাঁচ শতাধিক পরিবার আট দিন ধরে অন্ধকারে রয়েছে।