নওগাঁয় বিদ্রোহী প্রার্থী নিয়ে আ.লীগে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় জমজমাট নওগাঁর পত্নীতলা ও ধামইরহাটের ১৯ ইউনিয়ন। প্রতীক পাওয়ার পর থেকে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদপ্রার্থীরা প্রচারণায় ব্যস্ত। তবে আওয়ামী লীগে শঙ্কা দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে।
স্থানীয় ভোটার, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নওগাঁর এ দুই উপজেলায় দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। তবে আওয়ামী লীগের প্রার্থীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীরা। দলের তৃণমূলের নেতা-কর্মীরা অনেকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় বেকায়দায় রয়েছেন তাঁরা। অন্যদিকে নিজ দলের বিদ্রোহী প্রার্থীর পাশাপাশি জামায়াতের প্রার্থীরা পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিএনপির প্রার্থীদের জন্য।
পত্নীতলা উপজেলায় ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী আছেন সব কটিতে। জাতীয় পার্টির প্রার্থী আছেন একটি ইউপিতে। খোঁজ নিয়ে জানা যায়, ১১টি ইউনিয়নের মধ্যে পত্নীতলা, কৃষ্ণপুর, আমাইড়, নজিপুর, আকবরপুর ও মাটিন্দর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন দিবর ও শিহাড়া ইউনিয়নে। আকবর ইউনিয়নে জামায়াতের প্রার্থী থাকায় বেকায়দায় রয়েছেন বিএনপির প্রার্থী। কৃষ্ণপুর ও পাটিচর ইউনিয়নে দুই দলেরই বিদ্রোহী প্রার্থী রয়েছেন। শুধু নির্মইল ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
পত্নীতলার আমাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, ‘দলের মনোনয়ন চেয়েছিলাম; কিন্তু যে কারণেই হোক পাইনি। এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আমার জনপ্রিয়তা যাচাই করতে চাই।’ আওয়ামী লীগের প্রার্থী ইসমাইল হোসেন বলেন, আওয়ামী লীগের প্রার্থী বাছাই ভোটে হেরে গিয়েও একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। বিদ্রোহী প্রার্থী থাকাতে বিএনপির প্রার্থী একটু সুবিধা পাবেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল হক কৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, ‘এলাকায় নৌকার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আগেও নির্বাচিত হয়েছি। আশা করছি, এবারও বিজয়ী হব।’
দিবর ইউপির বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান শেখ গতবার বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে বিজয়ী হলেও এবার দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, বর্তমানে ভোটাররা অনেক সচেতন। এখন তাঁরা প্রতীক দেখে ভোট দেবেন না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছহাক হোসেন বলেন, ‘নেতা-কর্মীদের প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করা হয়েছে। এরপরও যাঁরা দলের সিদ্ধান্ত না মেনে প্রার্থী হয়েছেন তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। প্রয়োজনে স্থায়ীভাবে দল থেকে তাঁদের বহিষ্কার করা হবে।’
ধামইরহাট উপজেলার আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন। সব কটি ইউনিয়নেই আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী রয়েছেন। দুটি ইউনিয়নে জাতীয় পার্টির ও দুটিতে জামায়াত-সমর্থিত সাবেক দুই ইউপি চেয়ারম্যান এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলার আলমপুর, ইসবপুর ও জাহানপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এ উপজেলার আটটি ইউনিয়নের কোনোটিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই।
তবে ধামইরহাট সদর ইউনিয়নে উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি কাজী ফজলুর রহমান চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউনিয়নের ১০-১২ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ধামইরহাট উপজেলায় জামায়াত শক্তিশালী হওয়ায় এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সুবিধাজনক অবস্থায় রয়েছেন। জামায়াত প্রার্থীর কারণে বিএনপির প্রার্থী এখানে বেকায়দায় রয়েছেন।
আলমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও জামায়াতের নেতা আতাউর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপির প্রার্থী রুহুল আমিন বলেন, ‘জামায়াত-বিএনপির ভোট ভাগাভাগি হওয়ায় ভোটে কিছুটা প্রভাব ফেললেও জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আগের চেয়ে এখানে জামায়াতের প্রভাব অনেক কমে গেছে। এ ছাড়া আওয়ামী লীগেও বিদ্রোহী প্রার্থী রয়েছে।’
ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান বলেন, ‘দুটি ইউনিয়নে জামায়াতের প্রার্থী থাকায় একটু সমস্যা হতে পারে। তারপরও সুষ্ঠু নির্বাচন হলে ধামইরহাটে সব কটি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা জয়ী হবে বলে আমরা আশাবাদী।’