
নওগাঁয় ঈদের বাজার জমে উঠেছে। রমজানের প্রথম সপ্তাহ থেকেই বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেলেও কার্যত ১৫ রোজার পর থেকে বিপণিবিতান-গুলোতে জমে উঠেছে কেনাবেচা। বিপণিবিতানগুলোতে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা।
এবারও ছেলেদের চাহিদা অনুযায়ী পাঞ্জাবি-পাজামা, বিভিন্ন ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, মেয়েদের জন্য থ্রি-পিস, ফ্রগ, স্কার্ট এবং শিশুদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবিসহ নানা নজরকাড়া পোশাক পাওয়া যাচ্ছে বিপণিবিতানগুলোতে। এ বছর বিশেষ আকর্ষণ হিসেবে বাজারে এসেছে ছেলেদের জন্য ‘বাহুবলী’, ‘রইস’ আর ‘সুলতান’ নামের পাঞ্জাবি; মেয়েদের ‘শিবাঙ্গি’ ও ‘নাগিন-২’, ‘গঙ্গা’ নামের জামা।
কয়েকজন ব্যবসায়ী বলেন, অন্য বছরের তুলনায় এবার বিক্রি বেশি। দেশের তৈরি পোশাকেরও চাহিদা বেশি। তবে ভারতীয় সিনেমা ও ধারাবাহিক নাটকের জনপ্রিয় নায়ক-নায়িকাদের নামে দেশে তৈরি পোশাকের প্রতি তরুণ-তরুণীদের আকর্ষণ বেশি। এবার প্রতিটি পোশাকের মূল্য কিছুটা বেশি হলেও বিক্রি হচ্ছে ভালো।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দেখা যায়, শহরের দেওয়ান বাজার, শুভ প্লাজা, গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স, বসাক শপিং কমপ্লেক্স, ঠাকুর ম্যানশন, পোরশা মার্কেট, মাজেদা সুপার মার্কেট, ক্রিসেন্ট মার্কেট, বিসমিল্লাহ টাওয়ার, মদিনা মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে জমে উঠেছে ঈদের বাজার।
কয়েকজন ক্রেতা-বিক্রেতা বলেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত কেনাবেচা চলছে। শিশু ও তরুণীদের জন্য ফ্রক, গাউন, জিপসী, ফ্লোর টাচ, আনারকলি, লাচা, ভরসা, অর্গান্ডি থ্রি-পিস, পানচু, লামহা, তানহা, পাহাড়পুরী জামা বিক্রি হচ্ছে দেদার। তবে সবকিছু পেছনে ফেলে এ বছর শিশু ও তরুণীদের চাহিদার শীর্ষে আছে শিবাঙ্গি, নাগিন-২ ও গঙ্গা নামের জামা। সব বয়সীদের জন্য এই পোশাকগুলো বিক্রি হচ্ছে ৩ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। এরপরই জিপসী ও ফ্লোর টাচ পোশাকের স্থান। এগুলো বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। স্কুল-কলেজপড়ুয়াদের চাহিদার শীর্ষে রয়েছে ‘বাহুবলী’, ‘সুলতান’ ও ‘রইস’ নামের পাঞ্জাবি। বিক্রি হচ্ছে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। ছেলেরা বিভিন্ন ব্র্যান্ডের সুতি শার্ট ও লং পাঞ্জাবিও কিনছে। ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত এগুলো বিক্রি হচ্ছে। ছেলেশিশুদের পোশাকের মধ্যে বেশি চলছে খোকাবাবু শার্ট ও ঘোচপুরী প্যান্ট। কেউ কেউ সুতি কাপড়ের পাঞ্জাবি সেটও কিনছে। এসব ১ হাজার ২০০ থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
বীণাপাণি বস্ত্রালয়, গণেশ বস্ত্রালয়, লক্ষ্মী বস্ত্রালয়, বান্ধব বস্ত্রালয়, শিলামণি, জোসনার ফুল, নওগাঁ মার্টসহ শহরের বিভিন্ন অভিজাত শাড়ির দোকানগুলোতে গিয়ে দেখা যায়, ক্রেতাদের ভিড়। এসব দোকানে বিভিন্ন ধরনের সিল্ক শাড়ি, সুতিকাতান, স্বর্ণকাতান, বেনারসী, মাসরাইজ ও সিল্ক জামদানি শাড়ির বিক্রি ভালো। ২ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব শাড়ি। নিম্ন আয়ের ক্রেতারা কিনছেন ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে শাহজাদপুর ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি।
শহরের গীতাঞ্জলি শপিং কমপ্লেক্সে অবস্থিত শিলামণি বিপণিবিতানের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র বলেন, ‘এ বছর দাম বেশি হলেও পোশাকের মান ভালো হওয়ায় ক্রেতারা সন্তুষ্ট হচ্ছেন। যতই দিন যাচ্ছে, ততই ক্রেতাদের ভিড় বাড়ছে।’
নওগাঁ মার্ট বিপণিবিতানের বিক্রেতা সায়ীদ হোসেন বলেন, ‘এবার বেচাকেনা ভালো। শিশুদের জন্য খোকাবাবু শার্ট ও ঘোচপুরী প্যান্টের চাহিদা বেশি। মেয়েদের শিবাঙ্গি, ফ্লোর টাচ, পানচু ও নাগিন-২ পোশাকের চাহিদা বেশি।’
গীতাঞ্জলি শপিং কমপ্লেক্সে কথা হয় সাপাহার থেকে আসা শহিদা খাতুন নামের এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘এ বছর কেনাকেটা একটু আগেই সেরে ফেলতে চাই। কারণ ঈদ যতই কাছে আসে, মার্কেটগুলোতে ততই ভিড় বাড়ে।’