নওগাঁয় বৃহস্পতিবার গণিত উৎসব
নওগাঁয় ডাচ বাংলা-প্রথম আলো গণিত উৎসব অনুষ্ঠিত হবে কাল বৃহস্পতিবার। শহরের নওগাঁ সরকারি কে ডি উচ্চবিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে এই গণিত উৎসব অনুষ্ঠিত হবে। এতে নওগাঁ ও জয়পুরহাট জেলার ৩০০ শিক্ষার্থী অংশ নেবে।
জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের নওগাঁ শাখার ব্যবস্থাপক মহসিন আলী ও সরকারি কে ডি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বানু।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় উৎসব আয়োজনে যুক্ত রয়েছে গণিত অলিম্পিয়াড কমিটি। উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের পরীক্ষা হবে। চারটি গ্রুপে (প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক গ্রুপ থেকে চারজন সেরা শিক্ষার্থী জাতীয় গণিত উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবে। আর জাতীয় গণিত উৎসবে বিজয়ীরা আন্তর্জাতিক গণিত উৎসবে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে।