নওগাঁয় বেশির ভাগ ইউপিতেই বড় দুই দলের বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় শেষ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের দাপটের অভিযোগ করেছেন অন্য প্রার্থীরা। এ কারণে আজ শনিবার সুষ্ঠু নির্বাচন নিয়েও সংশয় জানিয়েছেন তাঁরা। আর ভোটারদের শঙ্কা নির্বাচনের পরিবেশ নিয়ে। তবে প্রশাসনের দাবি, পরিবেশ স্বাভাবিক রয়েছে।
আজ নওগাঁর তিন উপজেলার ৩০টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে সদর উপজেলার ১২টি, মহাদেবপুরের ১০টি এবং বদলগাছির আটটি ইউপি রয়েছে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি বেশির ভাগ ইউপিতে দলের ‘বিদ্রোহী’ প্রার্থীও রয়েছেন। বিএনপির প্রার্থীদের পাশাপাশি দলের ‘বিদ্রোহী’ প্রার্থীও রয়েছেন অধিকাংশ ইউপিতে। অর্থাৎ দুই দলেরই ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন।
বিএনপির, দুই দলের ‘বিদ্রোহী’ প্রার্থীসহ চেয়ারম্যান পদের অন্য প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁদের কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। প্রশাসনের বিরুদ্ধেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহায়তার এবং বিরোধীদের ওপর চাপ তৈরির অভিযোগ করেছেন তাঁরা।
সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউপিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মাহবুবা আখতার প্রথম আলোকে বলেন, ‘নৌকার প্রার্থী যেভাবেই হোক, ভোটে জিতবেন বলে হুমকি দিচ্ছেন। আমার কর্মীদের বাড়ি থেকে বের হতে দিচ্ছেন না। জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও অবস্থার উন্নতি হয়নি।’
একই ইউপিতে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জালাল হোসেন অভিযোগ করলেন, গত বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে হামলা করে তাঁর তিন ভাইসহ সাতজনকে আহত করা হয়েছে। সদর উপজেলার দুবলহাটি ইউপিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী কুমার শিবেন্দ্রলাল রায় চৌধুরী বলেন, কর্মীদের ওপর যথেষ্ট চাপ রয়েছে।
মহাদেবপুর উপজেলার সফাপুর ইউপিতে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শামসুল হক বলেন, ‘প্রতিনিয়ত হুমকি-ধমকির মধ্যে আছি। চার-পাঁচবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।’ তিনি অভিযোগ করেন, তাঁর বাড়িতেও কয়েক দিন আগে সরকারি দলের প্রার্থীর লোকজন হামলা চালিয়েছিল। বদলগাছি সদর ইউপিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুস সালাম বলেন, কর্মীদের মারধর করা হচ্ছে। থানায় মামলা করতে গেলে অভিযোগ না নিয়ে উল্টো তাঁর কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে। কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে এবং মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে।
এদিকে গতকাল বিকেলে জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, সদর উপজেলার ইউনিয়নগুলোতে পুলিশের সহায়তায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। তাঁদের নেতা-কর্মীরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও নওগাঁর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
অবশ্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৫ আসনের সাংসদ আবদুল মালেক প্রথম আলোকে বলেন, হুমকি বা ভয়ভীতি দেখানোর অভিযোগ করা অনেকটা ফ্যাশন হয়ে গেছে। নওগাঁয় এ ধরনের কোনো ঘটনাই ঘটছে না। দলের বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, এখানে দলের কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
জেলা প্রশাসক আমিনুর রহমানও বিএনপির অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, নির্বাচনের সুন্দর পরিবেশ রয়েছে। নিজেরা মারামারি করে পরিবেশ নেই বললে সেটা গ্রহণযোগ্য নয়। জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। বেআইনিভাবে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।