নওগাঁয় ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত, সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যসামগ্রীর মূল্য নিয়ে বাগিবতণ্ডার জেরে এক ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার নওগাঁ শহরের মেসার্স হাজি স্টোর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।এ ঘটনায় উত্তেজিত জনতা ওই প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে জনতা-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আহত ওই ব্যবসায়ীর নাম মোস্তাফিজুর রহমান। তাঁর বাড়ি শহরের কোমাইগাড়ি মহল্লায়। তিনি নিজ মহল্লায় ওয়েল্ডিংয়ের ব্যবসা করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হার্ডওয়্যার সামগ্রী কেনার উদ্দেশে হাজি স্টোরে যান। এ সময় বিভিন্ন পণ্যের মূল্য বেশি ধরা হচ্ছে এমন অভিযোগ তুললে ওই স্টোরের একজন স্বত্বাধিকারী এরশাদের সঙ্গে মোস্তাফিজুরের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তাফিজুরকে স্টোরে আটকে রেখে পিটিয়ে আহত করা হয়। রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজুর ওই স্টোর থেকে বেরিয়ে আসেন। পরে জনতা বিষয়টি জানতে পেরে এর প্রতিবাদে ওই স্টোরে ভাঙচুর চালায়।খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় জনতা-পুলিশ সংঘর্ষ হয়। একপর্যায়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও দাঙ্গা পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।নওগাঁ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, জনতার ছোড়া ইটপাটকেলের আঘাতে উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেনের মাথা ফেটে গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত মোস্তাফিজুরের ভাই মুরশিদুল ইসলাম বাদী হয়ে হাজি স্টোরের তিন স্বত্বাধিকারী ও কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।