নওগাঁয় ব্যাংক কর্মকর্তা খুন
নওগাঁ শহরের ব্যাংক কর্মকর্তা ইমরান হোসেন খুন হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে পুলিশ শহরের বালুডাঙ্গা মহল্লার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।ইমরান নওগাঁ শহরের ব্র্যাক ব্যাংকের গ্রাহক সম্পর্ক উন্নয়ন কর্মকর্তা ছিলেন এবং শহরের মাস্টারপাড়ার একটি মেসে থাকতেন। তাঁর বাড়ি নাটোর জেলার সাঁতারদীঘি গ্রামে।ব্র্যাক ব্যাংক নওগাঁর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল মতিন জানান, ইমরান হোসেন গত শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে নাশতা করার কথা বলে মেস থেকে বের হওয়ার পর আর ফেরেননি।নওগাঁ সদর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা অরবিন্দ জানান, গতকাল সকাল ১০টার দিকে বালুডাঙ্গা মহল্লার একটি ডোবা থেকে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় ইমরানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরনে ছিল কালো ফুলপ্যান্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি এবং হাত ও পা ছিল আড়মোড়া করে লোহার শিকল দিয়ে বাঁধা। মুখমণ্ডল স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।