নওগাঁয় ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দেবর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হাতে খুন হয়েছেন এক তরুণ। নওগাঁ শহরতলির শেখপুরা গ্রামে এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।ওই তরুণের নাম তুহিন (২৫)। ৪ আগস্ট বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার তাঁর মৃত্যু হয়।পরিবার ও পুলিশ জানায়, শেখপুরা গ্রামের জাহাঙ্গীর (২২), মানিক (১৯), আলম (২১), আনিছুর (২০) ও বিপ্লবসহ (১৮) কয়েকজন বখাটে বেশ কিছু দিন ধরেই তুহিনের ভাবিকে উত্ত্যক্ত করে আসছিলেন। ৩ আগস্ট বিকেলে তিনি স্নানাগারে ঢুকলে ওই বখাটেরা বাড়িতে ঢুকে দরজা ভেঙে সেখানে ঢোকার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকারে শাশুড়ি ও দেবর এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরদিন সকালে বখাটেরা আবার তাঁর শ্লীলতাহানির চেষ্টা করলে দেবর তুহিন এগিয়ে আসেন। এ সময় বখাটেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তুহিনকে গুরুতর জখম করে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার তাঁর মৃত্যু হয়। তুহিন বখাটেদের হাতে আহত হওয়ার ঘটনার দিন বিকেলেই নওগাঁ সদর থানায় মামলা করা হয়। পুলিশ গতকাল মঙ্গলবার সেটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে। মামলার তদন্ত কর্মকর্তা নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।