নওগাঁয় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু?
নওগাঁ শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় তারা বানু (২০) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে প্রসূতির আত্মীয়স্বজন ও এলাকাবাসী।
এ ঘটনায় ক্লিনিকের পরিচালক পল্লি চিকিৎসক আসাদুল ইসলাম এবং নওগাঁ সদর হাসপাতালের অবেদনবিদ ও বেসরকারি হাসপাতাল প্রাইম ল্যাবের মালিক ইসকেন্দার হোসেনকে আসামি করে প্রসূতির স্বামী মিঠু খান ওই রাতেই নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন। গতকাল শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, পাবনার বেড়া উপজেলার দাতিয়া গ্রামের মিঠু খান নওগাঁয় বিয়ে করেছেন। গত ২৮ ডিসেম্বর তাঁর স্ত্রী তারা বানুর প্রসববেদনা ওঠে। এ সময় তাঁকে নওগাঁ শহরের পার-নওগাঁ মহল্লার প্রত্যাশা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে ক্লিনিকের পরিচালক আসাদুল ও অবেদনবিদ ইসকেন্দার হোসেন প্রসূতির অস্ত্রোপচার করেন। এতে প্রসূতির একটি ছেলেসন্তান হয়। তবে এর পর থেকেই প্রসূতি নাওয়া-খাওয়া ছেড়ে দেন। সেলাইয়ের জায়গা ফুলে যায়। এই অবস্থার মধ্যেই সেখানে আরও কয়েকটি সেলাই দিয়ে তাঁকে ছেড়ে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ।
কিন্তু তারা বানুকে বাড়ি নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ৮ ফেব্রুয়ারি তাঁকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। এ খবর জানার পর তাঁর আত্মীয়স্বজন ও এলাকাবাসী রাতে ক্লিনিকে ভাঙচুর চালায়। এ সময় প্রতিষ্ঠানে তালা দিয়ে ক্লিনিকের লোকজন পালিয়ে যান।
মিঠু খান বলেন, ‘অস্ত্রোপচারে ভুল করার কারণেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।’ আসাদুল ইসলাম বলেন, এ ধরনের শত শত প্রসূতির অস্ত্রোপচার করা হয়েছে। তবে এটা একটা দুর্ঘটনা।
ইসকেন্দার হোসেন বলেন, অস্ত্রোপচার সঠিকভাবে করা হয়েছে। বাড়িতে কোনো অনিয়ম করার কারণে প্রসূতির মৃত্যু হয়ে থাকতে পারে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।