নওগাঁয় মাদক ব্যবসা ছেড়ে দেওয়া ব্যক্তিদের বাড়ি বাড়ি খাদ্যসহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৫৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। আজ শনিবার সকালে ও গতকাল শুক্রবার বিকেলে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দেন পুলিশ সুপার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, রাকিবুল আক্তার ও ফারজানা হোসেন, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক জানান, গত ৮ মার্চ নওগাঁর ধামইরহাটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসে নওগাঁর ৫৬ জন শীর্ষ মাদক ব্যবসায়ী। এর আগে তাঁরা ইয়াবা, ফেনসিডিলসহ অন্যান্য নেশাদ্রব্য চোরাচালান ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। ২০২০ সালের শুরুতেই জেলাজুড়ে পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে নামলে স্বাভাবিক জীবনে ফিরে আসার আবেদন করেন মাদক ব্যবসায়ীরা। তাঁদের প্রতিশ্রুতি অনুযায়ী জেলা পুলিশ আত্মসমর্পণের প্রক্রিয়া সম্পন্ন করে।

আলোর পথে ফিরে আসার পর তাঁদের প্রতিনিয়ত নজরদারিতে রাখা হয়েছে। জীবনে ফেরাদের মধ্যে একজন ছাড়া প্রত্যেকেই কৃষিকাজ, গরু–ছাগল পালন, ক্ষুদ্র ব্যবসাসহ বিভিন্ন বৈধ আয়রোজগার করে স্বাভাবিক জীবনযাপন করছেন। কিন্তু হঠাৎ করোনাভাইরাস মোকাবিলার জন্য সরকারের নানা বিধিনিষেধের কারণে দেশের অন্যান্য শ্রমজীবী মানুষের মতো তাঁরাও কর্মহীন হয়ে বসে আছেন। অভাবের তাড়নায় তাঁরা যেন আবারও মাদক ব্যবসায়ায় জড়িয়ে না পড়েন, সেই ভাবনা থেকে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া নিজ উদ্যোগে পরিবারগুলোকে চাল, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী প্রদান করেন।

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, করোনা মোকাবিলা করতে গিয়ে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছেন। তাই জেলার ১১টি উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দরিদ্র মানুষকে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তির পরিবারকেও খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। মাদক ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এলে যে কাউকে পুলিশ সহযোগিতা করবে।