নওগাঁয় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

নওগাঁয় মাদক ব্যবসার অপরাধে এমদাদুল হক (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মজিবুর রহমান এ রায় দেন। আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এমদাদুল হক নওগাঁর নিয়ামতপুর উপজেলার তিলিহারী গ্রামের বাসিন্দা। রায়ের সময় আসামি এমদাদুল আদালতে উপস্থিত ছিলেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার হাজির মোড় এলাকা থেকে এমদাদুল হককে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৭৫ গ্রাম ওজনের ১৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক এমদাদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মজিবুর রহমান।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোজাহার আলী। আসামি এমদাদুলের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী রফিকুল ইসলাম মণ্ডল।