মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নওগাঁয় গড় পাসের হার ৯৬ দশমিক ৩৯ শতাংশ। রাজশাহী শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হারের দিক দিয়ে নওগাঁ সর্বোচ্চ। জেলায় এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৫৮ জন।
জেলা প্রশাসকের তথ্য শাখা সূত্র থেকে জানা যায়, এ বছর জেলায় ১৮ হাজার ৬৫৭ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ১৭ হাজার ৯৮৪ জন। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ৮ শতাংশ আর মেয়েদের ৯৬ দশমিক ৭৮ শতাংশ। তবে মেয়েদের চেয়ে ছেলেরা বেশিসংখ্যক জিপিএ-৫ পেয়েছে।
জেলা প্রশাসনের তথ্য ও যোগাযোগ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার শুভাশিস ঘোষ বলেন, এ বছর এসএসসিতে রাজশাহী বোর্ডে মেয়েদের পাসের হার নওগাঁয় সবচেয়ে বেশি। আর ছেলে ও মেয়েদের গড় পাসের হারের দিক দিয়ে নওগাঁ দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে পাবনা।
নওগাঁর সরকারি কেডি উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে সবচেয়ে ভালো করেছে। এ দুটি প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। কেডি স্কুলে ২২৯ জন পরীক্ষার্থীর ১৮০ জন জিপিএ-৫ পেয়েছে। আর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২২৪ পরীক্ষার্থীর ১৪০ জন জিপিএ-৫ পেয়েছে।