নওগাঁয় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২
নওগাঁর মান্দা উপজেলায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে নয়টায় উপজেলার পঞ্চমীতলা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।
এই নিয়ে ২৮৪ দিনে দেশের সড়কে ঝরল ২ হাজার ৪৫৩টি প্রাণ।
নিহত ব্যক্তিরা হলেন বাসচালকের সহযোগী ইসমাইল হোসেন (৩৫) ও বগুড়ার সান্তাহারে পূবালী ব্যাংকের ক্যাশিয়ার আবদুর রহিম (৪৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে পঞ্চমীতলা এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁগামী তৃষা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন ছয়জন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।