নওগাঁয় যুবদলের সভায় হামলা আহত ১৫
নওগাঁ শহরে জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সভা গতকাল বৃহস্পতিবার হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছেন যুবদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।আহত নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন শহর বিএনপির সদস্য মিনহাজুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক আবু হাসান মো. মাসুদ, যুগ্ম আহ্বায়ক আখলাকুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিন আহমেদ, যুবদলের কর্মী জহুরুল ইসলাম প্রমুখ। তাঁদের নওগাঁ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জহুরুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল সন্ধ্যায় তাঁকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের কেডির মোড়ে জেলা বিএনপির কার্যালয়ে নবগঠিত জেলা যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সভার কার্যক্রম শুরু হয়। এ সময় আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়া যুবদলের কয়েকজন নেতা-কর্মী সভায় যোগ দিতে চাইলে সভায় থাকা অন্যরা তাঁদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পদবঞ্চিত নেতা-কর্মীরা সভায় উপস্থিত থাকা নেতা-কর্মীদের মারধর শুরু করলে দুই পক্ষই চেয়ার-টেবিল ছোড়াছুড়ি করে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ সময় দলীয় কার্যালয়ের ১৫-২০টি চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।এ অবস্থায় সভায় থাকা নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করলে সভা পণ্ড হয়ে যায়। পরে নওগাঁ সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জেলা যুবদলের আহ্বায়ক আবু হাসান মো. মাসুদ বলেন, যুবদলের আহ্বায়ক কমিটিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের লোক স্থান না পাওয়ায় তাঁদের ইঙ্গিতে এই হামলা চালানো হয়েছে।অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, যুবদলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল থেকে আসা নতুন মুখের লোকজন দিয়ে কমিটি গঠন করায় কমিটি থেকে বাদ পড়া ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।