নওগাঁয় শিক্ষকদের ওপর হামলার মামলায় চূড়ান্ত প্রতিবেদন, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নামাজগড় গাউসুল আযম কামিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় নওগাঁ সদর মডেল থানার পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। ১৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আবু ইকবাল এই প্রতিবেদন দাখিল করেন। তবে বাদীর নারাজির আবেদন গ্রহণ করে ৬ মার্চ শুনানির দিন ধার্য করেছেন আদালত। গত বছরের ১৫ অক্টোবর শিক্ষকদের ওপর হামলার অভিযোগে ওই মাদ্রাসার কারিগরি শাখার শিক্ষক রাকিব হোসেন মাদ্রাসার অধ্যক্ষ আবদুস সাত্তার ও উপাধ্যক্ষ পি এম আদম আলীসহ ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অধ্যক্ষের বিরোধ চলছিল। শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে অধ্যক্ষের বিরুদ্ধে নির্যাতন, দুর্নীতি, অনিয়মসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। এতে অধ্যক্ষ শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে ২৫ জন শিক্ষক সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।কারিগরি শাখার একমাত্র কম্পিউটারটি অধ্যক্ষের কক্ষে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ১৫ অক্টোবর একদল সন্ত্রাসী কারিগরি শাখার শিক্ষকদের মারধর ও ছুরিকাঘাত করে। এতে ১৫ জন শিক্ষকসহ ২৪ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ ২৯ অক্টোবর পর্যন্ত মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনায় পুলিশ মামলার একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে। আদালতে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় আসামিদের একটি অংশ অধ্যক্ষের কক্ষে আটক ছিলেন ও অন্যরা ঘটনাস্থলে ছিলেন না।মামলার বাদী ও ঘটনায় আহত শিক্ষকেরা চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে জানান, ভিডিওচিত্রে আসামিদের হামলার ঘটনা ধারণ করা রয়েছে। কিন্তু পুলিশ প্রভাবিত হয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। তাঁরা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।তদন্তকারী কর্মকর্তা ও নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু ইকবাল পাশা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার বিষয়টি নিশ্চিত করলেও মুঠোফোনে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে চাননি।