নওগাঁয় শীতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠান্ডাজনিত রোগে চলতি মাসে নওগাঁয় ২ হাজার ৭৮৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গত সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৮০ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭৩৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের বেশির ভাগই শিশু। চিকিৎসকেরা বলছেন, প্রচণ্ড শীতের কারণে এসব রোগের প্রাদুর্ভাব বেড়েছে।
নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসে নওগাঁর বিভিন্ন সরকারি হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২ হাজার ৩২১ জন রোগী ভর্তি হয়েছে। আর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬২৩ রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। গত সাত দিনে (১৭ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩৫ জন।
নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে ৯০ জন শিশু ডায়রিয়ায় এবং ১৩ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। গতকাল বেলা দুইটা পর্যন্ত ২৫ জন শিশু, ১০ জন পূর্ণবয়স্ক ও ১০ জন বৃদ্ধ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত শিশুদের বেশির ভাগের বয়স পাঁচ বছরের নিচে।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আনজুমান আরা খাতুন বলেন, ঠান্ডার কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। প্রচণ্ড শীতে ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত এসব রোগ ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের সব সময় গরম পরিবেশে রাখতে হবে। ডায়রিয়া প্রতিরোধের জন্য সব সময় গরম খাবার খেতে হবে। কোনো সময় ঠান্ডা বা পচা-বাসি খাবার খাওয়া যাবে না।
সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন বলেন, হিসাব করে দেখা গেছে, চলতি সপ্তাহে জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নওগাঁ সদর হাসপাতাল মিলে প্রতিদিন ১৩০ থেকে ১৪০ রোগী ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এটাকে ঠিক প্রকোপ বলা যাবে না। তবে অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে এই সংখ্যা বেশি। প্রচণ্ড শীতই মূলত ডায়রিয়া ও নিউমোনিয়ার জন্য দায়ী। তবে ঠান্ডাজনিত রোগ প্রতিরোধের জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ওষুধ ও কম্বলের প্রস্তুতি রয়েছে।
নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চলতি সপ্তাহজুড়ে নওগাঁয় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রয়েছে।