নওগাঁয় শৌচাগার ও নলকূপ বসানোর নামে প্রতারণা!
নওগাঁয় স্বাস্থ্যসম্মত শৌচাগার ও নলকূপ বসানোর নামে দুই শতাধিক গ্রামের হতদরিদ্রদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায় করা হয়েছে। স্থানীয় এনজিও বদলগাছী মানবকল্যাণ সংস্থার নামে এই টাকা আদায় করা হলেও সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে তাঁদের এ ধরনের কোনো কার্যক্রম নেই। নওগাঁ সদর, বদলগাছী ও মহাদেবপুর উপজেলার শতাধিক গ্রাম ঘুরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও নলকূপ বসানোর প্রতিশ্রুতি দিয়ে বদলগাছী মানবকল্যাণ সংস্থার লোকজন জেলার দুই শতাধিক গ্রামের প্রায় ৩০ হাজার দরিদ্র পরিবারের সদস্যদের কাছ থেকে সপ্তাহে ১৫০ টাকা করে সঞ্চয় আদায় করছে। এর মধ্যে ১০০ টাকা নেওয়া হচ্ছে শৌচাগার বাবদ ও ৫০ টাকা নলকূপের জন্য। মহাদেবপুর উপজেলার কালনা গ্রামের লিপি ইয়াসমিন, আবদুল করিম ও কুন্দনা গ্রামের কাজি ইউসুফ হারুনসহ কয়েকজন জানান, স্থানীয় চান্দেরপাড়া গ্রামের আফজাল হোসেন ও কাঁটাবাড়ী গ্রামের খিতিশ চন্দ্র পাহান গত ডিসেম্বর থেকে কালনা, কাঁটাবাড়ী, সিলিমপুর, কুন্দনা, মইজড়া ও নাইড়াইল গ্রাম থেকে সঞ্চয়ের টাকা আদায় শুরু করেন। এর আগে তাঁরা সদস্যদের প্রতিশ্রুতি দেন পাঁচ সপ্তাহের সঞ্চয় জমা হলে প্রতিটি সদস্যের বাড়িতে নলকূপ বসানোর কাজ শুরু হবে এবং স্বাস্থ্যসম্মত পায়খানার কাজ শুরু হবে ১০ সপ্তাহ সঞ্চয় আদায়ের পর। কিন্তু ইতিমধ্যে ১২ সপ্তাহের সঞ্চয় জমা হলেও কোনো সদস্যের বাড়িতে নলকূপ বসানোর কাজও শুরু হয়নি।একই চিত্র পাওয়া গেছে বদলগাছী উপজেলার বালুভরা, জিওইল, কোমারপুর ও কুশারমুড়ি গ্রাম এলাকায়। বদলগাছী উপজেলার বালুভরা গ্রামের সঞ্চয় আদায়কারী তপতী রানী জানান, মাসে দেড় হাজার টাকা বেতনের প্রতিশ্রুতিতে তিনি তাঁর কর্ম এলাকার প্রায় ২০০ জনের কাছ থেকে সঞ্চয় আদায় করেছেন। কিন্তু সংস্থা তাঁকে গত তিন মাসের বেতন-ভাতা হিসাবে একটি পয়সাও দেয়নি। নাজিরপুর, চকাবিল ও এনায়েতপুর গ্রাম এলাকার সঞ্চয় আদায়কারী রঞ্জনা বেগমও অনুরূপ কথা জানিয়েছেন। রঞ্জনা বেগম জানান, বিলাসবাড়ী শাখা কার্যালয়ের নয়জন মাঠকর্মীর মাধ্যমে তারা চলতি মাস পর্যন্ত তিন লাখ ৩২ হাজার টাকা মানবকল্যাণ সংস্থায় জমা দিয়েছেন। বদলগাছীর কোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রব্বানী জানান, বদলগাছী মানবকল্যাণ সংস্থার লোকজন প্রথম বদলগাছী উপজেলার সবকটি ইউনিয়ন এলাকায় তাদের কার্যক্রম শুরু করে। উপজেলার আটটি ইউনিয়নের ২৪২টি গ্রামের কমপক্ষে ২০০ দরিদ্র পরিবারের কাছ থেকে কিস্তিতে সঞ্চয় আদায় করা হচ্ছে। পরে সংস্থারকর্মীরা জেলার মান্দা, ধামুরহাট, মহাদেবপুর ও নওগাঁ সদর উপজেলার বিভিন্ন গ্রামে তাঁদের কর্ম এলাকা সমপ্রসারণ করেন। নওগাঁ সদরের দুবলহাটি ইউপি চেয়ারম্যান দেওয়ান মোস্তাক হোসেন, মহাদেবপুরের রাইগাঁ ইউপি চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম ও বদলগাছীর বিলাসবাড়ী ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন খান একই ধরনের কথা বলেন।বদলগাছী মানবকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন বলেন, ‘স্বাস্থ্যসম্মত পায়খানা ও নলকূপ স্থাপনসংক্রান্ত একটি প্রকল্প প্রণয়ন করে তিন-চার মাস আগে গ্রামপর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। কিন্তু গ্রামবাসীর আগ্রহ না থাকায় প্রকল্পটি বাতিল করা হয়েছে। আমার সংস্থার পক্ষ থেকে এ রকম কোনো সঞ্চয় আদায় করা হচ্ছে না। তবে ব্যক্তিপর্যায়ে কেউ কিছু করলে তার দায়দায়িত্ব মানবকল্যাণ সংস্থার ওপরে চাপানো ঠিক হবে না। অনেক আগে একবার কিছু সঞ্চয় আদায় করা হয়েছিল। সেসব সঞ্চয় গ্রাহকদের ফেরত দেওয়া হয়েছে।’নওগাঁর জেলা প্রশাসক মোছামঞ্চৎ নাজমানারা খানম বলেন, বদলগাছী মাবনকল্যাণ সংস্থার বিরুদ্ধে এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।