নওগাঁয় শ্যামল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শ্যামল চন্দ্রকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহরে এসব কর্মসূচি পালন করেন। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দুপুরে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসনের কার্যালয়ের গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় বক্তব্য দেন শ্যামলের বাবা গোপাল চন্দ্র বর্মণ, তাঁর সহপাঠী আবদুল্লাহ, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তারিকুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান প্রমুখ।
শ্যামলের বাবা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেছে। পলাতক আসামিরা মুঠোফোনে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছেন।
আগামী দুই দিনের মধ্যে শ্যামলের হত্যাকারীদের গ্রেপ্তারের সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। তাঁরা বলেন, এই সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
মানববন্ধন শেষে বেলা একটার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি নেন অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন। পরে শিক্ষার্থীরা পুলিশ সুপার মোজাম্মেল হকের কাছে স্মারকলিপি দেন। ১০ মার্চ নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে শহরের আরজী নওগাঁ ফিশারি গেটের সামনে ছুরিকাহত হয়ে নিহত হন পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র শ্যামল চন্দ্র বর্মণ (১৯)।