নওগাঁর সাপাহার থানায় দায়ের করা একমাত্র সাইবার ক্রাইম মামলার অভিযোগ গঠন করা হয়েছে। ৭ মে নওগাঁর সাইবার ট্রাইব্যুনাল আদালত-২-এর বিচারক জিয়া উদ্দীন মাহমুদের আদালতে সাইবার ক্রাইম মামলার একমাত্র আসামি সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর বড়ডাঙ্গা গ্রামের ফিরোজ হোসেনকে অভিযুক্ত করে এ মামলার অভিযোগ গঠন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ইফতেখার আলম ও আসািমপক্ষে জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলার সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে আসামি ফিরোজ হোসেনের কম্পিউটারের দোকান থেকে একই গ্রামের ফারুক হোসেনের মুঠোফোনে একটি ছবি দেওয়া হয়৷ ছবিতে বর্তমান প্রধানমন্ত্রীর মুখমণ্ডলের ছবি একটি গোখরা সাপের ফণার মধ্যে যুক্ত করা হয়৷ সঙ্গে মানহানিকর বক্তব্যও জুড়ে দেওয়া হয়। বিষয়টি মুঠোফোনে প্রচারের সময় দেখতে পায় স্থানীয় লোকজন।
এ ঘটনায় ২০১২ সালের ৯ জুলাই সাপাহারের গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা করেন। পরে মামলাটি জেলার একমাত্র সাইবার ক্রাইম মামলা হিসেবে ওই বছরের ২৫ নভেম্বর সাইবার ট্রাইব্যুনাল-২ আদালতে বিচারের জন্য আসে।