নওগাঁয় সেপটিক ট্যাংকে চারজনের মৃত্যু
নওগাঁ সদর উপজেলার এক বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। বিষক্রিয়া এ মৃত্যুর কারণ বলে ধারণা চিকিৎসকের।
আজ মঙ্গলবার সকালে উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালি গ্রামে ফয়েজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নিহত চারজন হলেন বাড়ির মালিকের ছেলে ইমতিয়াজ আহমেদ (২২), প্রতিবেশী দিলবর রহমান (৪০) ও বাবু সরদার (২৮) এবং নির্মাণ শ্রমিক রতন ইসলাম (৩০)। রতনের বাড়ি রঘুনাথপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, কাজ করতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে নামেন রতন। তাঁর সাড়াশব্দ না পেয়ে ভেতরে নামেন ইমতিয়াজ। তাঁরও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের ডাকেন। পরে একেক করে ট্যাংকে নামেন দিলবর ও বাবু। পরে চারজনকেই নিথর অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে দিলবরের মৃত্যু নিশ্চিত হয়ে বাকিদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, বিষক্রিয়া এদের মৃত্যুর কারণ হতে পারে।
সদর থানার ওসি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর একটি মামলা দায়ের করেছে।