নওগাঁয় সোনালী ব্যাংকে গ্রাহকদের ভোগান্তি
সোনালী ব্যাংকের নওগাঁ জেলা সদর শাখায় অর্থ লেনদেনে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। ওই শাখায় বেতন, পেনশন ও অন্যান্য সরকারি-বেসরকারি কাজের বিল তুলতে গিয়ে তিন থেকে চার ঘণ্টা সময় লেগে যায়। ঈদ ঘিরে ব্যাংকটিতে কয়েক দিন ধরে লেনদেন বেড়ে যাওয়ায় গ্রাহকদের ভোগান্তি আরও বেড়েছে।
ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদ ঘিরে গ্রাহক ও সরকারি সব ধরনের লেনদেন বেড়ে গেছে। কিন্তু এ বাড়তি চাপ সামাল দেওয়ার মতো জনবল না থাকায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
নওগাঁ শহরের হোটেলপট্টি সড়কের একটি ভবনে সোনালী ব্যাংকের নওগাঁ শাখাটি অবস্থিত। এ শাখা থেকেই বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীর বেতন, উন্নয়নমূলক কাজের বিল, শিক্ষক-কর্মচারীর বেতন ও অবসর ভাতা উত্তোলন করা হয়। এ ছাড়া বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ও বিধবা ভাতাও এ শাখা থেকে তোলা হয়। সোনালী ব্যাংক নওগাঁ শাখায় ৪০ হাজারের বেশি গ্রাহক রয়েছেন। প্রতিদিন দেড় থেকে দুই হাজার গ্রাহক এখান থেকে সেবা নিয়ে থাকেন। গড়ে প্রতিদিন লেনদেন হয় ৭ থেকে ৮ কোটি টাকার।
গত সোমবার এবং গতকাল বুধবার বিভিন্ন কাউন্টারের সামনে গ্রাহকদের দীর্ঘ সারি চোখে পড়ে। এসব গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, টাকা তোলার জন্য অনেক গ্রাহককে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
ওই শাখায় গতকাল বেতনের টাকা তুলতে এসেছিলেন জেলা সদরের নামাজগড় দাখিল ও আলিম মাদ্রাসার শিক্ষক জাহিদুল হোসেন। দুপুর ১২টার দিকে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘সকাল সাড়ে নয়টায় বেতনের চেক জমা দিয়েছি। এখন পর্যন্ত টাকা তুলতে পারিনি।’
বলিহার উচ্চবিদ্যালয়ের আকবর হোসেন বলেন, ‘নওগাঁ জেলা সদরে সোনালী ব্যাংকের মাত্র একটি শাখা হওয়ায় আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি। এ কারণে আমরা দীর্ঘদিন ধরে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা অন্য কোনো ব্যাংক থেকে দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবি মানছে না।’
নওগাঁ জেলা তথ্য কার্যালয়ের সাবেক সরকারি কর্মচারী কায়েশ উদদীন অভিযোগ করেন, ‘জনবলসংকট তো আছেই, এ ছাড়া ব্যাংকটির গ্রাহকসেবার মানও খুবই বাজে।’ তিনি বলেন, ‘গত রোববার এ শাখায় আমার পেনশনের টাকা তুলতে এসেছিলাম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে শেষে টাকা না নিয়েই চলে যাই। আজকে (গতকাল বুধবার) আবার সকাল ১০টা থেকে টাকা ওঠানোর জন্য লাইনে দাঁড়িয়েছি। এক ঘণ্টা পার হলেও এখনো কাউন্টারে চেক জমা দিতে পারিনি।’
নওগাঁ শাখার ব্যবস্থাপক আশরাফুল জাহাঙ্গীর বলেন, ‘এই ব্যাংক থেকে সব ধরনের সরকারি লেনদেন হওয়ায় গ্রাহকের চাপটা অনেক বেশি। কিন্তু সে তুলনায় এ শাখায় লোকবল অনেক কম। তাই ব্যাংকে এসে গ্রাহকদের সেবা পেতে দেরি হয়ে যাচ্ছে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ শাখায় গ্রাহকেরা সর্বোচ্চ মানের সেবাই পান। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা যথাসময়েই অফিসে আসেন। অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকে ক্ষিপ্ত হয়ে যান। তখন হয়তো-বা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও পরিস্থিতি সামলাতে বাধ্য হয়ে খারাপ ব্যবহার করেন।’