নওগাঁয় স্কুলছাত্রকে বিবস্ত্র করে শাস্তি দেওয়ার অভিযোগ
একটি প্রশ্নের জবাব দিতে না পারায় নওগাঁ সদর উপজেলার বেসরকারি কির্ত্তীপুর উচ্চবিদ্যালয়ের এক ছাত্রকে গত সোমবার শ্রেণীকক্ষে মারধর করা হয়েছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন ওই ছাত্রকে বিবস্ত্র করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে ও শিক্ষক বেলালের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে স্কুলের শিক্ষার্থীরা । ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে জানায়, গত সোমবার বেলা ১১টার দিকে এসএসসির প্রস্তুতিমূলক জীববিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন শিক্ষক বেলাল। একপর্যায়ে তিনি ওই ছাত্রের কাছে জানতে চান, অণ্ডকোষ কাকে বলে? ছাত্রটি এ প্রশ্নের উত্তর দিতে পারেনি। এতে শিক্ষক বেলাল রেগে তাকে চড়থাপড় দেন। পরে তার প্যান্ট খুলে নেন তিনি। ওই ছাত্র আরও জানায়, এ সময় ছাত্রটি শিক্ষক বেলালের পা ধরে ক্ষমা চায়। কিন্তু সহপাঠীদের সামনেই তাকে বিবস্ত্র করা হয়। কয়েকজন সহপাঠী জানায়, বিবস্ত্র করার একপর্যায়ে তারা শ্রেণীকক্ষ থেকে বের হয়ে যায়। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা ওই কক্ষ থেকে ছাত্রটিকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেন। নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, এ ঘটনায় প্রধান শিক্ষক আবদুস ছামাদ তাৎক্ষণিকভাবে অন্য শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ওই দিনই ওই ছাত্রের হাত ধরে বেলালকে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু ছাত্রটি তখন বিদ্যালয় এলাকায় ছিল না। এর পর থেকে শিক্ষক বেলাল বিদ্যালয়ে অনুপস্থিত।সোমবার বিকেলেই ওই ছাত্রের অভিভাবক প্রধান শিক্ষকের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ উঠেছে, বেলাল প্রধান শিক্ষকের আত্মীয় হওয়ায় এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আবদুস ছামাদ বলেন, ‘এই ঘটনার পরপরই ছাত্র-শিক্ষককে একত্র করে মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু কেউ না মানলে আমি কী করব?’