নওগাঁয় স্ত্রীকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার আতিথা গ্রামে গত সোমবার দিবাগত রাতে ফরিদুর রেজা নামের এক স্বামী তাঁর স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন। বাধা দিতে এলে ১২ বছরের মেয়ে দীপাকেও জখম করেন তিনি। দীপার ডান হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।গতকাল মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে পুলিশ নিহত গৃহবধূ শামীমা আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরে সকাল ১০টার দিকে পাশের বুজরুক আতিথা গ্রাম থেকে নিহত শামীমার স্বামী ফরিদুর রেজাকে গ্রেপ্তার করে পুলিশ।সদর হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার প্রত্যক্ষদর্শী দীপা জানায়, প্রতিদিনের মতো সে রাতের খাবার খেয়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে খাটের ওপর কারও হাত-পা ছোড়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় দেখতে পায়, তার বাবা ফরিদুর রেজা মায়ের বুকের ওপর উঠে তাঁকে চাপাতি দিয়ে কোপাচ্ছেন। নিহত শামীমার ভাই কাঞ্চন হাওলাদার জানান, বিয়ের পর থেকে তাঁর ভগ্নিপতি ফরিদ নানাভাবে শামীমার মাধ্যমে তাঁদের কাছে যৌতুক দাবি করে আসছিলেন। বিষয়টি জানার পর তাঁরা ফরিদকে ব্রয়লার ব্যবসা ও মাইক্রোবাস কেনার জন্য দুই লাখ টাকাও দেন। ফরিদ ব্যবসাবাণিজ্য না করে সব টাকা মাদকের পেছনে ব্যয় করেন এবং নতুন করে আরও টাকা চান। এ নিয়ে সম্প্রতি তাঁদের মধ্যে রাগারাগিও হয়। বোনের সংসারের কথা চিন্তা করে সম্প্রতি ফরিদকে আরও কিছু টাকা দেওয়া হয়। পরে তাঁকে স্থানীয় একটি মাদক নিরাময়কেন্দ্রে রেখে চিকিৎসাও করানো হয়। কিন্তু নিরাময়কেন্দ্র থেকে বেরিয়ে তিনি আবারও আগের অবস্থায় ফিরে যান এবং বোনকে মারধর শুরু করেন।ফরিদের সহোদর রফিকুল ইসলাম জানান, মাদকাসক্ত হওয়ার পর থেকে ফরিদ বাড়ির লোকজনকে পছন্দ করতেন না। কেউ তাঁকে ভালো পরামর্শ দিলেও তিনি তাকে খুন করার হুমকি দিতেন।নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল রেজা জানান, নিহত শামীমার দুই ছেলেমেয়ের নামে তাদের নানা কিছু সম্পত্তি লিখে দেওয়ায় ফরিদ তাঁর শ্বশুরের ওপর ক্ষুব্ধ ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই সম্পত্তি নিজের নামে করে নিতে ব্যর্থ হয়ে ফরিদ স্ত্রীকে খুন করেছেন।