নওগাঁ সদর উপজেলার ফতেপুর গ্রামের বাসার ছাদে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মী মোতাহার হোসেনকে (৪৮) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।মোতাহার সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের কর্মী ছিলেন। পাশাপাশি তিনি ফতেপুর জামে মসজিদে ইমামতি ও পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।মোতাহারের ভাই মতিউর রহমান বলেন, প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ের কারণে রাত ১০টার দিকে তাঁর ভাই ফতেপুর গ্রামে নিজের একতলা পাকা বাড়ির ছাদে বিছানা করে ঘুমাতে যায়। ওই সময় ফতেপুর জামে মসজিদের মুয়াজ্জিন আফতাবও ভাইয়ের পাশে ঘুমান। আফতাব হোসেন বলেন, ‘রাত দেড়টার দিকে মোতাহারের গোঙানির শব্দ পেয়ে উঠে দেখি, তাঁর গলায় জখমের চিহ্ন এবং ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বিষয়টি বাড়ির লোকজনকে জানাই। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, পথেই মোতাহারের মৃত্যু হয়েছে।’ এ ঘটনায় মতিউর রহমান গতকাল মঙ্গলবার দুপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেছেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মোতাহার হোসেনের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে খুনের কারণ জানা যায়নি। গ্রামবাসী জানান, এলাকায় মোতাহারের কোনো শত্রু ছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মোতাহার সরকারি চাকরির পাশাপাশি জেলা পুলিশ বাহিনীর সোর্স ছিলেন। সম্প্রতি তাঁর দেওয়া তথ্য অনুযায়ী নওগাঁ সদর থানার পুলিশ ওই এলাকা থেকে কয়েকজন পেশাদার ছিনতাইকারীকে আটক করে। আটক ছিনতাইকারীদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের এসআই বেলাল হোসেন হত্যাকাণ্ডের একজন আসামি ছিল। ওই ছিনতাইকারীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অপরাধে তারা মোতাহারকে জবাই করে হত্যা করতে পারে। এ বিষয়ে জানতে চাইলে নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমার-উজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।