নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত পূজা কমিটির নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় আহত নওগাঁর বদলগাছি উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তুহিন কান্তি চৌধুরী (৫৭) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে হাসপাতালে মারা গেছেন।
নিহত তুহিন কান্তি বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। গতকাল বুধবার তাঁর লাশ দাহ করা হয়। এর আগে নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ সাধন মজুমদার ও স্থানীয় সাংসদ ছলিমুদ্দিন তরফদার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তুহিন কান্তি বদলগাছি উপজেলা সদরের বাসিন্দা ছিলেন।
তুহিন কান্তির ছোট ভাই শংকর চৌধুরী বলেন, গত মঙ্গলবার সকালে তাঁর বড় ভাই তুহিন কান্তি পারিবারিক কাজে নওগাঁ জেলা সদরে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফেরার উদ্দেশে হেঁটে নওগাঁ শহরের বালুডাঙা বাস টর্মিনালে আসার পথে একটি অটোরিকশা তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টায় তিনি মারা যান।