নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই চিকিৎসকসহ পাঁচজন নিহত
নওগাঁ-রাজশাহী সড়কের মান্দা উপজেলার সিদুর পানিয়া এলাকায় গতকাল সোমবার এক সড়ক দুর্ঘটনায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুল হক জানান, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাসরুন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। স্বাস্থ্য কমপ্লেক্সের অপর চিকিৎসক হাসান আহমেদ দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান।দুর্ঘটনায় নিরেন চন্দ্র পাল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি রাজশাহীর কেশরহাট এলাকায়। নিহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।আহত ব্যক্তিদের স্থানীয় কয়েকটি হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে রাজশাহী যাওয়ার পথে বিকেল চারটার দিকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস সিদুর পানিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি সড়কের পাশে অন্তত ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে নওগাঁ ও রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।আহত ব্যক্তিদের মধ্যে তারেক (৪০), সিরাজুল (৪২), সাহাবুল (২৫), মনিরুল (২৫), আবুল কাশেম (৩১), নজরুল (৩৫), ইমন (৭), সিমি (২৫), তুলি (২০), সিমু (২০), আকতারুজ্জামান (৪০), মিজান (২৬), রিপা (২০), শাহানাজ (৫০), আকতার (৪৫), শোভনসহ (৩) ৩৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্সি মনিরুজ্জামান ঘটনাস্থলে চারজন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজনসহ মোট পাঁচজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।দুর্ঘটনার খবর পেয়ে মান্দা এলাকার সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিক, জেলা প্রশাসক মোসাম্মৎ নাজমানারা খানুম, পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকরামুল বারী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারক করেন।