নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর ও পোরশা উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মিলন হোসেন (২২) ও হাসেম আলী (৩২)।
নিহত মিলন হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিরা গ্রামের মোখলেছ হোসেনের ছেলে এবং হাসেম আলী সাপাহার উপজেলার কোলাডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম শাহ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ থেকে যাত্রাবাহী একটি টেম্পো মহাদেবপুর উপজেলার নওহাঁটায় যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাঁপানিয়া বাজারে রাজশাহীগামী একটি যাত্রাবাহী বাস টেম্পোটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে টেম্পোটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিলন হোসেন মারা যান। এ ঘটনায় টেম্পোর আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাঁদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন কামাল বলেন, হাসেম আলী তাঁর খালুর জানাজায় যোগদানের জন্য সাত-আটজন লোকসহ পোরশার ভোলাহাট থেকে ভটভটিযোগে সাপাহার উপজেলার করমুডাংগা গ্রামে যাচ্ছিলেন। পথে সকাল নয়টার দিকে উপজেলার গাঙ্গুর বিল সড়কের হাতিখোঁছা ব্রিজের কাছে এসে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাসেম আলীর মৃত্যু হয়।
এ ঘটনায় ভটভটির চালকসহ আরও চারজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।