নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নওগাঁ-রাজশাহী সড়কের মান্দা উপজেলার মিরপুর এলাকায় শনিবার সিএনজিচালিত একটি টেম্পোর সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ তিনজন টেম্পো যাত্রী নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার কালিতলা মহল্লার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কমলেন্দ্র সরকার (৫৮), তাঁর স্ত্রী কনিকা সরকার (৪৭) ও রজাকপুর মহল্লার মতিউর রহমান (২৮)। মতিউর একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধির চাকরি করতেন। এদিকে পত্নীতলা উপজেলার নকচার মোড়ে শনিবার ভটভটির চাপায় কাজী একরামুল হক (৩২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও মান্দা থানার পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা একটি অটো টেম্পো কয়েকজন যাত্রী নিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওগাঁ শহরে যাওয়ার পথে মিরপুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। এতে অটো টেম্পোর ওই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এদিকে একই দিন রাত সাড়ে নয়টার দিকে পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা উপজেলার নকুচার মোড়ে দ্রুতগামী একটি ভটভটির নিচে চাপা পড়ে সাইকেল আরোহী কাজী একরামুল হক প্রাণ হারান। তিনি বদলগাছি উপজেলার ভরট্ট গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি পত্নীতলা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।