নওগাঁয় হাজতির মৃত্যু নিয়ে রহস্য
নওগাঁ জেলা কারাগারে আটক আবদুল বারেক (৪০) নামের এক হাজতি বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। তাঁর বাড়ি বদলগাছী উপজেলার কান্দাহার মিস্ত্রিপাড়া গ্রামে। নিহত ব্যক্তির স্বজনদের দাবি, বদলগাছী থানা পুলিশের নির্যাতন ও কারা কর্তৃপক্ষের অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে।নওগাঁ কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ বজলুর রশিদ জানান, আদালত থেকে কারা হাসপাতালে ভর্তির আদেশ দিয়ে ২১ ডিসেম্বর দুপুরে বারেককে জেলা কারাগারে পাঠানো হয়। তিনি দাবি করেন, কারা হাসপাতালে ভর্তির সময় তাঁর পেটের পীড়াসহ শ্বাসকষ্ট ও ডায়াবেটিস ছিল। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে তিনি পেটের পীড়ায় অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে বারেক নওগাঁ সদর হাসপাতালে মারা যান। নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজুর রহমান জানান, আবদুল বারেককে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় এবং ডায়রিয়ার চিকিৎসা দেওয়া হয়। কিন্তু ওই রোগীর ডায়াবেটিস রয়েছে এমন তথ্য হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়নি। একপর্যায়ে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।বারেকের স্ত্রী আফরোজা বেগম অভিযোগ করেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে বদলগাছী থানার পুলিশ উপজেলার খাদাইল বাজার থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে নির্যাতন চালায়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালতে পাঠানোর আগে বদলগাছী থানার পুলিশ তাঁর স্বামীকে থানায় আটক করে পিটিয়ে তার কোমর ভেঙে দিয়েছে। এ কারণে আদালত তাঁকে কারা হাসপাতালে রেখে চিকিৎসার আদেশ দিয়ে হাজতে পাঠান। কিন্তু কারা কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসার উদ্যোগ না নেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। বারেক ডায়াবেটিস রোগী হওয়া সত্ত্বেও কারা কর্তৃপক্ষ তাঁর রোগ সম্পর্কিত কাগজপত্র ছাড়া তাঁকে ডায়রিয়ায় আক্রান্ত রোগী হিসেবে সদর হাসপাতালে ভর্তি করে দেয়। এতে ডায়াবেটিসজনিত অন্যান্য উপসর্গে আক্রান্ত হন তিনি।বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক অভিযোগ প্রসঙ্গে বলেন, ওই আসামির বিরুদ্ধে বদলগাছী থানায় কোনো মামলা না থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়নি। তবে ঢাকার সিএমএম কোর্টে কয়েকটি ফৌজাদারি মামলার পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার দায়িত্ব পালন করেছেন মাত্র। নওগাঁ কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ বজলুর রশিদ বলেন, কারা হাসপাতাল কর্তৃপক্ষের মতামত ও যথাযথ রোগ বর্ণনার কাগজপত্রসহ বারেককে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কারা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা জাহিদ নজরুল জানান, তাঁর কাছে আসার আগে ওই রোগী বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল। সেখানকার কাগজপত্রে তাঁর যে রোগ বর্ণনা দেওয়া হয়েছিল সেই মোতাবেক কারা হাসপাতালে তাঁর চিকিৎসা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ বর্ণনায় বারেকের ডায়াবেটিস ছিল এমন তথ্য কাগজে-কলমে পাওয়া যায়নি। এমনকি ওই রোগীসহ তাঁর লোকজনও তাঁকে তা বলেননি।