নওগাঁয় হিন্দু বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে রহস্য
নওগাঁ পৌরসভার খিদিরপুর পূর্ব হিন্দুপাড়ার একটি বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালামালসহ সাতটি ঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে শত্রুতামূলকভাবে এই আগুন লাগানো হতে পারে। তবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, পৌরসভার খিদিরপুর পূর্ব হিন্দুপাড়ায় তিন সহোদর ইন্দ্রজিৎ কবিরাজ, বাসুদেব কবিরাজ ও বিমল কবিরাজ একই বাড়িতে বসবাস করেন। মঙ্গলবার রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে প্রতিবেশীদের চিৎকারে তাঁদের ঘুম ভাঙে। তাঁরা বাড়ির টিনের চালায় আগুন দেখতে পেয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন। প্রথমে তাঁরা প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। রাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, ওই বাড়ির সাতটি আধা পাকা ঘর পুড়ে গেছে। এতে ১৫-১৬ মণ ধানসহ খড়ি ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে।
ইন্দ্রজিৎ কবিরাজ বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের বসতবাড়ির ৬ শতাংশ জমি নিয়েমন্দির কমিটির সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও আছে। এ ঘটনার জেরে শত্রুতামূলকভাবে তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হতে পারে।
খিদিরপুর সর্বজনীন কালীমন্দিরের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী বলেন, মন্দিরের জমি নিয়ে গ্রামবাসীর সঙ্গে ওই পরিবারের একটা বিরোধ আছে। তবে পারিবারিকভাবে তাঁদের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। বরং অগ্নিকাণ্ডের সময় গ্রামের সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
ইন্দ্রজিতের ভাই বিমল কবিরাজ বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এখনো বাড়ির সব ঘরে বিদ্যুৎ-সংযোগ ঠিক রয়েছে। বাড়ির কোথাও বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়নি। আর শর্টসার্কিট হলে ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হতো। কিন্তু আগুন লেগেছে ঘরের চালায়।’
নওগাঁ ফায়ার সার্ভিস ইউনিটের পরিদর্শক মোতাব্বার আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।’