নওগাঁয় ১১ হাজার হেক্টর জমির ফসল নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে যমুনার পানি বেড়ে শহড়াবাড়ী ঘাটের পাকা রাস্তা ভেঙে গেছে। এতে শহড়াবাড়ীঘাটের সঙ্গে উপজেলা সদরের যো​গাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
বগুড়ার ধুনটে যমুনার পানি বেড়ে শহড়াবাড়ী ঘাটের পাকা রাস্তা ভেঙে গেছে। এতে শহড়াবাড়ীঘাটের সঙ্গে উপজেলা সদরের যো​গাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

নওগাঁয় চলমান বন্যায় প্রায় ১১ হাজার হেক্টর জমির ধান ও সবজি নষ্ট হয়েছে। তবে ক্ষতির পরিমাণ কত, তা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়নি। এ ছাড়া বন্যায় এক হাজারের বেশি পুকুর তলিয়ে গেছে। এতে প্রায় চার কোটি টাকার মাছ ভেসে গেছে।
জেলার আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি এবং বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় নওগাঁর তিনটি উপজেলার প্রায় ১০০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় আত্রাই উপজেলার ৫০টি, রানীনগর উপজেলার ৩০টি এবং মান্দার প্রায় ২০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আত্রাইয়ের সাগোলা, মনিয়ারি ও ভোঁপাড়া, রানীনগরের গোনা, কাশিমপুর, বরগাছা ও মিরাট এবং মান্দার কশব, নুরুল্লাবাদ ও বিষ্ণুপুর ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ডুবে গেছে বিস্তৃত এলাকার মাঠের ফসলের খেত। ভেসে গেছে অনেক পুকুরের মাছ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় ৯ হাজার ৩৬৫ হেক্টর জমির রোপা আমন, ১ হাজার ২০০ হেক্টর বোনা আমন, ২০০ হেক্টর আউশ ও ১৮০ হেক্টর শাকসবজির খেত পানিতে নিমজ্জিত হয়েছে। সব মিলিয়ে জেলায় ১০ হাজার ৯৪৫ হেক্টর জমির ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলাভিত্তিক এ ক্ষতির পরিমাণ হচ্ছে রানীনগরে ৪ হাজার ৯৪০ হেক্টর, আত্রাইয়ে ৪ হাজার ৭৯৫ হেক্টর, নওগাঁ সদর ৫৮০ হেক্টর, মান্দায় ৪৮০ হেক্টর ও বদলগাছীতে ১৮০ হেক্টর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সত্যব্রত সাহা বলেন, বন্যায় ফসলের ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। কারণ, প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে প্রায় ১১ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
রানীনগর ও সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, বন্যায় সদর উপজেলায় তেমন ক্ষতি হয়নি। তবে রানীনগর উপজেলায় ৩৯৬টি পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে।
আত্রাই উপজেলার মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, উপজেলার ৭০০টি পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ছোট যমুনা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আত্রাই নদের পানি বেড়েছে।