নওগাঁয় ২৫ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় করা বিডিআর আইনের মামলায় ২৫ জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ গতকাল সোমবার এই রায় ঘোষণা করেনআসামিদের সর্বোচ্চ সাত বছর ও সর্বনিম্ন চার মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সেপাই জাবেদ ইউনুস, ইকবাল হোসেন ও শহীদুল ইসলামকে সাত বছর এবং সেপাই নুর মোহাম্মদ, খন্দকার মামুন হোসেন ও মেহেদী হাসানকে ছয় বছর কারাদণ্ড দেওয়া হয়। সেপাই ভি এম আফিরুল ইসলাম ও নায়েক স ম হেদায়েত আলী পাঁচ বছরের এবং নায়েক শেখ ফরিদ আহমেদ, ল্যান্স নায়েক আকরাম হোসেন বিশ্বাস ও সেপাই আলীম আল ফুয়াদ শিকদার চার বছরের সাজা পেয়েছেন। এ ছাড়াও ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তিন সদস্যের বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। বিচারকমণ্ডলীর অপর সদস্যরা হলেন লে. কর্নেল গাজী খালিদ হোসেন ও লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধিত্ব করেন সহকারী অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার। কৌঁসুলির দায়িত্বে ছিলেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফজলুল হক।রায় ঘোষণার পর এক সংবাদ ব্রিফিংয়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফজলুল হক আসামিদের বিরুদ্ধে সাজার বিস্তারিত বর্ণনা দেন।এর আগে গতকাল সকাল ১০টার দিকে ৪৩ রাইফেল ব্যাটালিয়নের ২৫ জন বিডিআর সদস্যকে হাতকড়া পরিয়ে বিশেষ আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা যায়, নওগাঁর বিশেষ আদালত-১২-তে গত বছরের ১৯ অক্টোবর এই আসামিদের বিচারকাজ শুরু হয়। মোট পাঁচ কার্যদিবসে আইনি প্রক্রিয়া শেষে গতকাল রায় ঘোষণা করা হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে ৪৩ রাইফেল ব্যাটালিয়নের কিছু সদস্য অস্ত্রাগার লুট ও ফাঁকা গুলি ছুড়ে বিদ্রোহ করেন। ৪৬ ব্যাটালিয়নের মামলায় অভিযোগ গঠন আজ: ৪৬ রাইফেল ব্যাটালিয়নের (পত্নীতলা বিডিআর) মামলায় আজ মঙ্গলবার অভিযোগ গঠন করা হবে। ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরে বিশেষ আদালত-১২-তে সকাল ১০টায় অভিযোগ গঠনের সময় ধার্য রয়েছে। এই মামলার আসামি ১১ জওয়ান। রংপুরে অভিযোগ গঠন: রংপুর থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রংপুরে বিডিআর বিদ্রোহ মামলায় গতকাল সোমবার অভিযোগ গঠন ও সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আদালত সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টায় রংপুর সেক্টরের ১১ জওয়ানকে সেক্টরের সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে হাজির করা হয়। আদালতে দোষ স্বীকার করে ক্ষমা চান নায়েক রেজাউল করিম, সেপাই সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম ও হারুন-অর-রশিদ।