নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় ১১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। নওগাঁর ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ গতকাল মঙ্গলবার অভিযোগ গঠন করেন। গতকালই এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।এদিকে রংপুরে বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ১৯ জন সাক্ষীর মধ্যে এই নিয়ে গত দুই দিনে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান বিশেষ আদালত-১২-এর সভাপতিত্ব করেন। গতকাল আদালতের কার্যক্রম শুরু হলে মামলার কৌঁসুলি পত্নীতলার ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার শফিক আসামিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনান। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য তিনি আদালতের অনুমতি চান। পরে আদালতের সভাপতি আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান এবং তাঁরা দোষী কি না, তা জানতে চান। এ সময় ল্যান্স নায়েক ফকির ইসাহাক, সেপাই শাকিন শাহ, সেপাই কামাল হোসেন, সেপাই জাকারিয়া, সেপাই হূদয় আহমেদ ও সেপাই হারুন-অর-রশিদ আদালতে দোষ স্বীকার করে অনুকম্পা চান। অন্যরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতে বক্তব্য দেন। পরে বিশেষ আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেন। এরপর আদালতের অনুমতি নিয়ে কয়েকজন আসামি সাক্ষীদের জেরা করেন। বিকেল পাঁচটার দিকে আদালতের কার্যক্রম আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় বিচারকার্যক্রম গত ১০ অক্টোবর শুরু হয়।রংপুর সদর সেক্টরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে গতকাল সকালে আসামিদের হাজির করা হয়। সকাল ১০টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আদালতের সভাপতিত্ব করেন কর্নেল সালেহ আহমেদ। আদালতের কার্যক্রম আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবারও চলবে।