নওগাঁয় ৬৮ শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী গ্রামে ৬৮ জন শহীদের স্মরণে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উদ্যোগে নির্মিত স্মৃতিস্তম্ভটি গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়।
গতকাল বেলা ১১টায় নওগাঁ সদর আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আবদুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা বার্ডের নির্বাহী পরিচালক আবদুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক, পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন, মুক্তিযোদ্ধা হাশেম আলী এবং স্থানীয় সমাজসেবক মহসীন আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে ২৮ এপ্রিল সদর উপজেলার দোগাছী, পিরোজপুর, শিমুলিয়া ও খিদিরপুর গ্রামের ৬৮ জন নিরীহ নারী-পুরুষকে পাকিস্তানি বাহিনী নির্বিচারে গুলি করে হত্যা করে গণকবর দেয়। ওই গণকবরস্থলেই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।