নওগাঁয় ৭২৫টি পূজামণ্ডপ, তিন স্তরের নিরাপত্তা
নওগাঁয় এবার ৭২৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে জেলায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে।
গতকাল বুধবার নওগাঁ পুলিশ লাইনস সম্মেলনকক্ষে পূজা উদ্যাপন পরিষদের নেতারা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসপি মোজাম্মেল হক এ তথ্য জানান। তিনি বলেন, সব পূজামণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে উৎসব উদ্যাপনের লক্ষ্যে পুলিশ, র্যা ব এবং বিজিবির সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এলাকাভিত্তিক সম্প্রীতি রক্ষা কমিটি গঠন করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ও রাশিদুল হক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নির্মল কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক বিভাস চন্দ্র মণ্ডল উপস্থিত ছিলেন।