নওগাঁয় 'নেশা জাতীয় তরল' পানে চারজনের মৃত্যু
নওগাঁয় ‘নেশা জাতীয় তরল’ পান করে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ছয়জন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার তিনজন ও আজ শনিবার একজনের মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন জেলার বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামের সোলায়মান আলী (৩২) ও মো. সুজন (৩২) এবং নুরপুর গ্রামের হোসেন আলী (৩২) ও আবদুল মজিদ (৩০)।
হাসপাতাল ও স্থানীয় সূত্রের ভাষ্য, নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার আগেই শুক্রবার সকাল ১০টার দিকে মারা যান হোসেন আলী। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা যান সোলায়মান। নওগাঁ থেকে গতকাল রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান মজিদ নামের একজন। আর আজ শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সুজন।
অসুস্থ ছয়জনের মধ্যে চারজন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন মোসলেম, সোহেল, উজ্জ্বল ও সুমন। এ ছাড়া সজল ও সাজু নামের অন্য দুজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সবার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
চিকিৎসাধীন সজল বলেন, এনায়েতপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে একটি অনুষ্ঠানে তাঁরা ১০ থেকে ১২ জন মিলে নেশাজাতীয় পানীয় পান করেন তাঁরা। এরপরই সবাই অসুস্থ হয়ে পড়েন।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, রোগীদের তথ্য অনুযায়ী তাঁরা নেশা জাতীয় পানীয় পান করার পর অসুস্থ হয়ে পড়েন। মরদেহগুলোর ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে।
খবর পেয়ে নওগাঁর সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার আজ শনিবার সকালে নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।