বাসচালককে মারধরের প্রতিবাদে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন গতকাল শনিবার থেকে নওগাঁ-রাজশাহী সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। এতে রাজশাহীগামী যাত্রীদের সকাল থেকে দুর্ভোগ পোহাতে হয়।
জানতে চাইলে নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন আমাদের শ্রমিক ইউনিয়নের এক চালককে মারধর করেন। এ ঘটনায় পরের দিনই বিভাগীয় মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের কাছে অভিযোগ করা হয়। বিষয়টি সুরাহার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে কোনো সুরাহা হয়নি। তাই নওগাঁ-রাজশাহী সড়কে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।’
রাজশাহী বিভাগীয় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন বলেন, ‘দুজন মোটর শ্রমিকের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে মারামারির ওই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আমরা দুই শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। কিন্তু সমঝোতা হয়নি। দু-এক দিনের মধ্যে আবারও আলোচনা হবে।’
গতকাল দুপুরে নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশে কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে রাজশাহী থেকে নওগাঁগামী বাসগুলোকে রাজশাহী-নওগাঁ সড়কের নওহাটা মোড়ে যাত্রী নামিয়ে দিয়ে আবার রাজশাহী অভিমুখে ঘুরে চলে যেতে দেখা গেছে। নওহাটা মোড় থেকে যাত্রীরা ইজিবাইক বা সিএনজিচালিত অটোরিকশায় করে প্রায় আট কিলোমিটার দূরে নওগাঁ শহরে যাচ্ছেন।
বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে রেজাউল, মাসুম, সাজুসহ ছয়-সাতজন যাত্রীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, রাজশাহী যাওয়ার জন্য তাঁরা এখানে এসে জানতে পারেন, নওগাঁ থেকে কোনো বাস রাজশাহী যাচ্ছে না। এখন সিএনজিচালিত অটোরিকশায় দ্বিগুণ ভাড়ায় তাঁদের রাজশাহী যেতে হবে।