নওমালা বন্দর ও আশপাশে সমাবেশ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে একই সময় আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষ সমাবেশের ডাক দেওয়ায় উপজেলা প্রশাসন গতকাল বুধবার ওই বিদ্যালয়সহ নওমালা বন্দর ও আশপাশের এলাকায় সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত শুক্র ও শনিবার ক্ষমতাসীন দলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে চার দফায় পাল্টাপাল্টি ধাওয়া, দলীয় ব্যানার ছিঁড়ে ফেলা, মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই গতকাল বুধবার বেলা তিনটায় সমাবেশ করার ঘোষণা দেয়।
এক পক্ষ উপজেলা শ্রমিক লীগের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাঙচুর, ইউনিয়ন যুব মহিলা লীগের এক নেত্রীর শ্লীলতাহানিসহ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাদা হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বেলা তিনটায় নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণমিছিল ও সমাবেশ ডাকে।
অপর পক্ষও একই সময় একই স্থানে নওমালা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বিশ্বাসসহ তাঁর কয়েক সমর্থকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন নওমালা বন্দর ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।
বাউফল থানার ওসি আ জা ম মাসুদুজ্জামান বলেন, ‘নওমালা মাধ্যমিক বিদ্যালয়টি পরীক্ষাকেন্দ্র। সভা-সমাবেশ হলে শান্তিশৃঙ্খলা ভঙ্গ হতে পারে এবং পরীক্ষায় ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এ কারণেই উপজেলা প্রশাসন সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।