নওয়াপাড়ায় কেডিএর বিরুদ্ধে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) আওতায় নেওয়া ও উন্নয়ন পরিকল্পনা বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। কেডিএর এই উন্নয়ন পরিকল্পনাকে ‘অবাস্তব ও উচ্চাভিলাষী’ উল্লেখ করে ২৫ নভেম্বরের মধ্যে তা বাতিলের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কেডিএ হটাও সংগ্রাম কমিটি।
‘কেডিএ হটাও পৌরবাসীকে বাঁচাও’ এই দাবিতে সংগ্রাম কমিটি ইতিমধ্যেই পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময়, বিক্ষোভ মিছিল, পথসভা, সমাবেশ ও স্মারকলিপি প্রদান, মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছে।
তবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুল আলম খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জনপ্রতিনিধিরা ভাবছেন কেডিএ উন্নয়ন করলে তাঁদের ক্ষমতা খর্ব হয়ে যাবে। এ জন্য তাঁরা পৌরবাসীকে ভুল বোঝাচ্ছেন। আমরা নতুন মাস্টারপ্ল্যানে কাজ করব। এ থেকে পিছপা হব না। সরকার আদেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম চলতে থাকবে।’
কেডিএ ও নওয়াপাড়া পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০২ সালে কেডিএ খুলনা থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে নওয়াপাড়া পৌরসভাকে তাদের উন্নয়ন পরিকল্পনার অন্তর্ভুক্ত করে। এরপর শিশুপার্ক, স্টেডিয়াম, বস্তি উন্নয়ন, ট্রাক টার্মিনাল, কমিউনিটি সেন্টার, ভৈরব নদের পাশে রাস্তা, হাসপাতাল, শিল্প এলাকা, ডাইভারশন রোড, আবাসিক এলাকা, নিউ টাউন ও লো-কস্ট হাউজিংসহ ১২টি অবকাঠামো নির্মাণের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়।
ওই বছরের ১২ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু ১২ বছরেও পৌর এলাকায় কোনো উন্নয়ন কার্যক্রম শুরু করেনি কেডিএ। তবে কেডিএ পৌরসভাটির অবকাঠামো নির্মাণ ও ভূমি ব্যবহারের অনুমোদন দিয়ে আসেছে। সম্প্রতি কেডিএ পৌর এলাকায় উন্নয়ন পরিকল্পনার খসড়া অনুমোদন করেছে।
কেডিএ হটাও সংগ্রাম কমিটির আহ্বায়ক দেবব্রত দাস বলেন, ‘উন্নয়ন পরিকল্পনার নামে কেডিএ নওয়াপাড়া পৌরসভায় যে খসড়া মানচিত্র অনুমোদন করেছে তার অধিকাংশের অবস্থান আবাসিক এলাকায়। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে পৌরসভার কয়েক হাজার মানুষ বাস্তুহারা হয়ে পড়বে। পৌরসভা থেকে কেডিএ হটানোর দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি। ২৫ নভেম্বর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর পরও কেডিএ তাদের কার্যক্রম বন্ধ না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’
নওয়াপাড়া পৌরসভার মেয়র রবিউল হোসেন বলেন, অবকাঠামো নির্মাণের জন্য কেডিএর নকশা অনুমোদন করতে পৌরবাসীদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। পৌরসভায় কেডিএর উন্নয়নের কোনো প্রয়োজন নেই। বাজেট প্রাপ্তি সাপেক্ষে পৌরসভার উন্নয়ন হচ্ছে।