নওয়াপাড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় খুলনা-যশোর মহাসড়কে আজ শনিবার বেলা সোয়া তিনটার দিকে ট্রাক ও ডিজেলচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি নওয়াপাড়া থেকে খুলনার ফুলতলায় যাচ্ছিল। নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। আহত লোকজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভুইয়া প্রথম আলোকে বলেন, নিহত লোকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।