নওশীন হত্যা মামলায় মামার সাজা কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর আগে রাজধানীর বড় মগবাজারে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আকতার নওশীন (প্রিয়াঙ্কা) হত্যা মামলায় তাঁর মামা জাহিদুল হক রিন্টুর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়। আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী জগলুল হায়দার আফ্রিক। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

নথিপত্র থেকে জানা যায়, ২০০৭ সালের ১৮ জুলাই রাজধানীর বড় মগবাজারের পেয়ারাবাগের পাটোয়ারি ভিলায় নওশীন খুন হন। ওই ঘটনার পরদিন ১৯ জুলাই নিহত নওশীনের বাবা মো. সুলতান ফারুক রমনা থানায় মামলা করেন। মামলায় গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ আনা হয়। এ মামলায় ২০১২ সালের ২৯ জানুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ জাহিদুল হক রিন্টুকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

এর আগে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন জাহিদুল হক রিন্টু। বিচারিক আদালতের রায়ের পর আসামির ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। পাশাপাশি নিম্ন আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি আপিল করেন। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে আজ রায় দেন আদালত।

পরে আসামির আইনজীবী জগলুল হায়দার আফ্রিক প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় চাক্ষুষ কোনো সাক্ষী ছিল না। দীর্ঘ ছয় বছর ধরে আসামি কনডেম সেলে আছেন। ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যা বলে মতামত এসেছে। এসব যুক্তি আদালতে তুলে ধরেছি। আদালত মৃত্যুদণ্ড কমিয়ে জাহিদুল হক রিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।