রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে দুর্বৃত্তরা শিশুটির লাশ স্থানীয় একটি কবরস্থানে লুকিয়ে রাখেন। গত শুক্রবার দিবাগত রাতে এলাকাবাসীর সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে সাইদুর রহমান (২৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটির নাম স্বপ্না খাতুন। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। বাড়ি রাজশাহী নগরের বড় বনগ্রাম মাস্টারপাড়ায়। শিশুটির পৈতৃক বাড়ি নওহাটা পৌর এলাকার মাঝিগ্রামে। সে দাদির সঙ্গে ওই বাড়িতে থাকত। স্বপ্না স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ত।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গত শুক্রবার বেলা ১১টার দিকে দুপুরে স্বপ্না দাদির বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাকুড়িয়ায় তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। বিকেলেই সে ফুফুর বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় উভয় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পাকুড়িয়া মহল্লায় চান মিয়ার গোরস্থানের পাশে স্বপ্নার এক পাটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। একপর্যায়ে রাত ১১টার দিকে কবরস্থানের ভেতরে ঢুকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় তার লাশ পাওয়া যায়। তার মুখে কাপড় গোঁজা ছিল। দুই হাত বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) নূরুল করিম প্রথম আলোকে বলেন, পাকুড়িয়ার একটি মেয়ে পুলিশকে তথ্য দেয়, স্থানীয় সাইদুর ও মাসুদ রানাকে (২৫) শুক্রবার বিকেলে ছোট একটি মেয়ের পিছু নিতে দেখেছে সে। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ সাইদুরকে গ্রেপ্তার করে।
নূরুল করিম জানান, সাইদুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, সহযোগী মাসুদকে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর তাঁরা শ্বাসরোধে হত্যা করেন। সাইদুরের বাবার নাম বানু মণ্ডল। তিনি বিবাহিত। তাঁর সহযোগী মাসুদও বিবাহিত। তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্বপ্নার বাবা সাইদুর রহমান বাদী হয়ে নগরের শাহ মখদুম থানায় গতকাল একটি হত্যা মামলা করেন। গতকাল সকালেই পুলিশ পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাইদুরকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাসুদ রানাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।