নওয়াজ শরিফকে হাসিনা ও খালেদার অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানের সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) জয়লাভ করায় দলের নেতা নওয়াজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল মঙ্গলবার পৃথক বার্তায় তাঁরা এই অভিনন্দন জানান। খবর বাসস ও ইউএনবির।নওয়াজ শরিফের কাছে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী কাজের ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আশা প্রকাশ করে বলেন, তাঁর (নওয়াজ) নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে। এ ছাড়া, শেখ হাসিনা গণতন্ত্রে পূর্ণ আস্থা প্রদর্শনের জন্য পাকিস্তানের জনগণ ও রাজনৈতিক দলগুলোকেও অভিনন্দন জানান।নওয়াজ শরিফের কাছে পাঠানো অপর বার্তায় খালেদা জিয়া বলেছেন, ‘পাকিস্তানে সদ্য অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে পিএমএল-এনের ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ও আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন।’বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে খালেদা জিয়া বলেন, সার্ক, ওআইসি, কমনওয়েলথ ও জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে দেশ দুটির জনগণের মধ্যে অভিন্ন লক্ষ্য ও আকাঙ্ক্ষা রয়েছে। তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনার (নওয়াজ) গতিশীল, বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে এই সম্পর্ক আরও জোরদার হবে।’