নওয়াপাড়া থেকে কেডিএর গেজেট বাতিলের দাবি
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা থেকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নেওয়া মহাপরিকল্পনার গেজেট বাতিলের দাবি জানিয়েছে কেডিএ হটাও সংগ্রাম কমিটি। দাবি আদায়ে গতকাল রোববার সকালে তারা নওয়াপাড়া পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এবং নওয়াপাড়ায় ভূমি অধিগ্রহণের প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কেডিএ হটাও সংগ্রাম কমিটির উপদেষ্টা শাহ জালাল হোসেন। তিনি বলেন, কেডিএ নওয়াপাড়া পৌরসভার জনপ্রতিনিধিসহ জনগণের মতামত উপেক্ষা করে একটি কাল্পনিক, ধ্বংসাত্মক ও গণবিরোধী পরিকল্পনা গ্রহণ করেছে। নওয়াপাড়া পৌরসভার জনগণ কিছুতেই কেডিএর এ নীলনকশা মেনে নেবে না। আগামী ১০ অক্টোবরের মধ্যে যদি কেডিএ নওয়াপাড়া পৌর এলাকা থেকে তাদের গেজেট বাতিল না করে, তবে হরতাল, অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শাহ জালাল হোসেন বলেন, কেডিএ ২০০২ সালে নওয়াপাড়া পৌরসভাকে অন্তর্ভুক্ত করে মাস্টারপ্ল্যানের নামে ভূমি অধিগ্রহণের যে পাঁয়তারা করছে, তা কোনো দিনও বাস্তবায়ন হতে দেবে না নওয়াপাড়া পৌরবাসী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হক মোল্যা, নওয়াপাড়া পৌরসভার মেয়র রবিউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এস এম রফিকুল আলম, পৌর কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহমান, ভবদহ সংগ্রাম কমিটির নেতা বৈকুণ্ঠ বিহারী রায়, কেডিএ হটাও সংগ্রাম কমিটির আহ্বায়ক দেবব্রত দাস প্রমুখ।