নওয়াপাড়ায় ফের সকাল-সন্ধ্যা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের নওয়াপাড়ায় গতকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলর মোল্লা ওলিয়ার রহমানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ হরতাল ডাকা হয়।
হরতাল চলাকালে মন্ত্রী আমির হোসেন আমু খুলনায় যাচ্ছিলেন। পথে নওয়াপাড়া নূরবাগ চত্বরে হরতাল পালনকারীরা তাঁকে থামান। এ সময় তিনি বলেন, ‘আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। যেকোনো সময় আসামি আটক হতে পারে।’
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও শ্রমজীবীরা যশোর-খুলনা মহাসড়কে অবস্থান নেন। প্রেমবাগ থেকে রাজঘাটের শেষ সীমানা পর্যন্ত মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে খুনিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ সময় মহাসড়কসহ সব বাইপাস সড়কে যান চলাচল বন্ধ ছিল। সব ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান, ঘাট ও গুদাম বন্ধ ছিল।
গত ২৩ নভেম্বর উপজেলা পরিষদের কাছে নওয়াপাড়া বাইপাস সড়কে সন্ত্রাসীরা ওলিয়ার রহমানকে গুলি করে হত্যা করে। এর প্রতিবাদে ৭ ডিসেম্বর হরতাল পালিত হয়।